স্টাফ রিপোর্টার
জগন্নাথপুর উপজেলায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী কে হবে? বিগত জাতীয় নির্বাচনে যারা নৌকার পক্ষে ছিল তারা, না-কী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে যারা ফুটবল প্রতীকের নির্বাচন করেছে তারা। এই চ্যালেঞ্জ নিয়েই মনোনয়ন তদবিরে নেমেছে দুই পক্ষ।
উপজেলা আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, জগন্নাথপুরের ৭ ইউনিয়নে দলীয় মনোনয়ন পাওয়ার যোগ্য, দলের নেতাকর্মী ও ভোটারদের কাছে গ্রহণযোগ্য প্রার্থীদের নামের তালিকা জেলা আওয়ামী লীগের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে রানীগঞ্জ ইউনিয়নে সুন্দর আলী ও ডা. ছদরুল ইসলাম, পাইলগাঁও ইউনিয়নে আফজাল হোসেন ও আপ্তাব উদ্দিন, চিলাউড়া ইউনিয়নে আরশ আলী, আশারকান্দি ইউনিয়নে আয়ুব খাঁন ও আজাদ কাবেরী, সৈয়দপুর-শাহাড়পাড়া ইউনিয়নে আবুল হাসান, পাটলী ইউনিয়নে সিরাজুল হক, কলকলিয়া ইউনিয়নে দীপক কান্তি দে ও আলাল হোসেন রানা’র নাম প্রস্তাব আকারে পাঠানো হয়েছে। মনোনয়ন প্রত্যাশী এসব দলীয় নেতাদের সকলেই বিগত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী এমএ মান্নানের পক্ষে নৌকা প্রতীকের জন্য প্রচারণায় ছিলেন।
অবশ্য জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বলেছেন,‘কোন কিছুই চূড়ান্ত হয়নি, তালিকাও হয়নি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদের নিয়ে বসে সিদ্ধান্ত নেবার কথা’।
একইভাবে বিগত জাতীয় নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী আজিজুস সামাদ ডনের সঙ্গে ছিলেন তারাও নানাভাবে চেষ্টা করছেন দলীয় প্রার্থী হওয়ার। উপজেলা আওয়ামী লীগের কিছু নেতাও রয়েছেন তাদের পক্ষে। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডেও তদবির করছেন এই পক্ষের মনোনয়ন প্রত্যাশীরা।
মনোনয়ন প্রত্যাশী এসব নেতাদের মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যানরাও রয়েছেন।
রানীগঞ্জ ইউনিয়নে এই পক্ষের আব্দুল হাফিজ, চিলাউড়া ইউনিয়নে শহীদুল ইসলাম বকুল, আশারকান্দি ইউনিয়নে আব্দুল আহাদ মদরিছ, সৈয়দপুর-শাহাড়পাড়া ইউনিয়নে তৈয়ব আলী, পাটলী ইউনিয়নে আঙ্গুর মিয়া, কলকলিয়ায় আব্দুল হাসিম মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন বলে দলের একাধিক নেতা জানিয়েছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন,‘জগন্নাথপুরের তালিকা এখনো দেখা হয়নি, জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জগন্নাথপুরের দায়িত্বশীলদের নিয়ে বসে প্রার্থীতা ঠিক করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়া হবে’।


