ধর্মপাশা প্রতিনিধি
জেলার মধ্যনগরে আওয়ামী লীগ অফিসও বিদ্রোহী প্রার্থীর দখলে। আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী আলাদা অফিস করে রোববার কর্মীসভা করেছেন। ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নে এই অবস্থা। এই ইউনিয়নের নির্বাচন ৬ষ্ঠ ধাপে, ৪ জুন।
মধ্যনগর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী প্রবীর বিজয় তালুকদার, বিদ্রোহী প্রার্থী হয়েছেন মধ্যনগর থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক পরিতোষ চন্দ্র সরকার। মনোনয়নের পর থেকেই পরিতোষ চন্দ্র সরকারের নির্বাচনী প্রচারণা চলছে মধ্যনগর বাজারের থানা আওয়ামী লীগের কার্যালয় থেকে। আওয়ামী লীগ প্রার্থী প্রবীর বিজয় তালুকদার গত ১০ মে মনোনয়ন দাখিলের পর থেকেই তার মধ্যনগরের বাড়ি থেকে প্রচারণা চালাচ্ছিলেন। রোববার মধ্যনগর বাজারে আলাদা নির্বাচনী কার্যালয় নিয়ে কর্মীসভা করেছেন।
বিদ্রোহী প্রার্থী থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক পরিতোষ চন্দ্র সরকার বলেন,‘আওয়ামী লীগের অফিসে কোনদিন প্রবীর বিজয় তালুকদারকে দেখা যায়নি, কোনদিন তার মুখে কেউ জয়বাংলা শুনেনি, দলীয় নেতাকর্মীরা তাকে গ্রহণ করেনি, নেতাকর্মীরা আমার সঙ্গে আছেন, দলীয় অফিস থেকেই নির্বাচনী কার্যক্রম চলছে আমার’।
আওয়ামী লীগের দলীয় প্রার্থী প্রবীর বিজয় তালুকদার বলেন,‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, রাজনীতিতে সক্রিয় না থাকলেও এই ধারায়ই ছিলাম আমি, আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে, আমি সকলকে নিয়ে কাজ করতে চাই, কিন্তু বিদ্রোহী প্রার্থী পরিতোষ সরকার অফিস দখলে রেখেছেন, দলের অফিসে বসে সভা করে আমাকে গালিগালাজ করছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানকে আমি বিষয়টি জানানোর পর তিনি বলেছেন কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সদস্যদের নালিশ জানাতে এবং ১৯ তারিখের পর এসব বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানিয়েছেন জেলা সভাপতি’।
- সুনামগঞ্জের খবরকে নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম- অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে কমিশন বদ্ধপরিকর
- জেলাভিত্তিক সাঁতার প্রতিযোগিতা ২২ সেপ্টেম্বর


