দলের সিদ্ধান্ত অমান্য করে বিএনপি’র ৮ প্রার্থী

স্টাফ রিপোর্টার
বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলেও দলের অনেক দায়িত্বশীল নেতাই সদস্য পদে প্রার্থী হয়েছেন। আবার অনেকে প্রার্থী না হলেও ভোটের প্রচারণায় সক্রিয় রয়েছেন। অর্থাৎ জেলা পরিষদের নির্বাচনী উৎসবে  জেলার অনেক বিএনপি নেতাই শরিক হয়েছেন। সদস্য পদে ৮ বিএনপি নেতা প্রার্থী হয়েছেন। এদের অনেকের পদ-পদবীও রয়েছে।
১ নম্বর ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী হয়েছেন তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জুনাব আলী ও তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান উজ্জ্বল। ২ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন মধ্যনগর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু ও বিএনপি নেতা হারুন অর রশিদ। ৪ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন বিএনপি নেতা সৈয়দ খালেদ আহমদ। ১০ নম্বর ওয়ার্ডে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সোহেল মিয়া প্রার্থী হয়েছেন। ১৪ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন ছাতক পৌর বিএনপির সাবেক সভাপতি আফসর উদ্দিন। ২ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডে প্রার্থী হয়েছেন জেলা মহিলা দলের আহ্বায়ক মদিনা আক্তার।
চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী না দিলেও জেলা বিএনপি’র আহ্বায়ক নাসির উদ্দিন চৌধুরী’র চাচাতো ভাই যুক্তরাজ্য প্রবাসী মুক্তিযোদ্ধা আহবাব হোসেন চৌধুরী প্রার্থী হয়েছেন। অবশ্য আহবাব হোসেন চৌধুরী এ প্রতিবেদককে বলেছেন,‘আমি নাছির উদ্দিন চৌধুরী’র চাচাতো ভাই হলেও বিএনপির  রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নই। আমি কোন দলেরও প্রার্থী নই।’
বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেন,‘বিএনপি জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই নির্বাচন প্রক্রিয়া ত্রুটিপূর্ণ। সুতর্ংা দলের কেউ নির্বাচনে বা প্রচারণায় অংশ নিলে, নিজ দায়িত্বে করবেন’।