দারিদ্রতা বিমোচনে সমন্বিত প্রয়াসকে গুরুত্ব দিতে হবে

পৃথিবী থেকে দারিদ্রতা হঠানোর উদ্দেশ্য নিয়ে গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক দারিদ্রতা বিমোচন দিবস। দারিদ্র বিমোচনের ক্ষেত্রে স্বাধীনতার পর থেকে এ যাবৎ বাংলাদেশের অগ্রগতি খুবই প্রশংসনীয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে স্বাধীনতার পর বাংলাদেশের ৮০ শতাংশ মানুষ ছিলো হতদরিদ্র। এখন এ হার ১২ শতাংশ। দারিদ্র বিমোচন কর্মকা-ে বর্তমান সরকারের অবদান প্রশংসনীয় ও প্রণিধানযোগ্য। বিবিএস’র তথ্য মতে ২০০৫ সনে বাংলাদেশে দারিদ্রতার হার ছিল ৪০ শতাংশে। বর্তমানে এই হার ২৩ দশমিক ৫ শতাংশ (অতি দরিদ্র নয়)। অর্থাৎ গত এক দশকে প্রায় ১৭ শতাংশ দারিদ্রতা হ্রাস করা বর্তমান সরকারের কৃতিত্বপূর্ণ সফলতার পরিচায়ক। জাতিসংঘ এখন যে টেকসই উন্নয়ন পরিকল্পনা (এসডিজি) গ্রহণ করেছে সেখানে ২০৩০ সনের মধ্যে বাংলাদেশকে দরিদ্রমুক্ত করা সম্ভব বলে নীতিনির্ধারকরা মনে করছেন। দারিদ্র বিমোচনে বাংলাদেশের এই প্রশংসনীয় অগ্রগতির স্বীকৃতি দিতে এবং এক্ষেত্রে বাংলাদেশের সাফল্য দেখতে গতকালই বাংলাদেশে এসেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। দারিদ্রতা হ্রাসের অর্থ একসময় মনে করা হতো শুধু ক্ষুধা নিবারণ করা। এখন এ ধারণা বদলেছে। দারিদ্রতা মোচন বলতে এখন জীবন ধারণের আরও বহু সূচকের ইতিবাচক পরিবর্তনের গুচ্ছ অগ্রগতিকে বুঝায়। এরমধ্যে শিক্ষা, স্বাস্থ্য,বাসস্থান এমন সব মৌলিক বিষয়াদি অন্তর্ভূক্ত। এখন দারিদ্রতা বিমোচন মানে মানবসম্পদের সার্বিক উন্নয়ন। মানব সম্পদের অনেকগুলো সূচকেই আমরা প্রত্যাশিত পরিমাণে অগ্রগতির ধারা অব্যাহত রাখতে পেরেছি বলে আন্তর্জাতিক সংস্থাগুলো স্বীকৃতি দিচ্ছে।
বাংলাদেশে দারিদ্র বিমোচনে সরকারের পুরো অঙ্গই নানাভাবে কাজ করছে। তার মধ্যে বিশেষ কিছু প্রতিষ্ঠান সরাসরি দারিদ্র বিমোচন কর্মকা- নিয়েই কাজ করে থাকে। স্বাধীনতার পর বিআরডিবি ও বিএডিসি’র মাধ্যমে সেচ ব্যবস্থাপনা, উন্নত প্রযুক্তি ও উপকরণ সরবরাহের মাধ্যমে যে সবুজ বিপ্লবের সূচনা ঘটেছিল দারিদ্র বিমোচনের প্রাথমিক পদক্ষেপ ছিলো সেটিই। খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মধ্য দিয়ে সেই ধারাবহিকতা এখন পূর্ণতা পেয়েছে। দ্বিতীয় পদক্ষেপ হিসেবে সম্পদহীন দরিদ্র মানুষের মাঝে জামানতবিহীন ক্ষুদ্রঋণ বিতরণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির বিষয়টি ছিল অন্যতম। এটিও বিআরডিবি, বার্ড, আরডিএ এমনসব সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল। পরবর্তীতে গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এই ধারণাটিকে সারা দেশে সম্প্রসারিত করে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। সমাজে চরম অবহেলিত নারী সমাজ এর মাধ্যমে উৎপাদনের মূল ধারায় উঠে আসে। সরকারের যেসব এজেন্সি এখন দারিদ্র বিমোচনে কাজ করছে, সময়ের দাবি হলো এখন সবগুলোকে এক ছাতার নীচে নিয়ে আসা। নতুবা বিচ্ছিন্ন উদ্যোগগুলোর সফলতার পরিবীক্ষণ বাধাগ্রস্ত হয়। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মকা-কেও এই রেগুলটরি বডির নিয়ন্ত্রণে আনা উচিৎ। সরকার বিআরডিবি নামক যে প্রতিষ্ঠানটি তৈরি করেছিলেন সেটিকে কখনও আইনে বর্ণিত দায়িত্ব পালনের ক্ষমতা দেয়া হয়নি। এখন প্রয়োজন বিচ্ছিন্ন কার্যাবলীর সমন্বিতকরণ। সরকার যখন ২০৩০ সনের মধ্যে শতভাগ দারিদ্রতা হঠানোর চিন্তা করছেন তখন এই উদ্যোগকে সর্বাঙ্গ সফল করতে শক্তিশালী সরকারি প্রতিষ্ঠানের উপস্থিতি বাঞ্ছনীয়।
দারিদ্রতা মোচনের অগ্রভাগে সর্বদাই গ্রাম, কৃষক ও শ্রমজীবী নারী-পুরুষকেই সামনে রেখে কাজ করে যেতে হবে। কৃষি উৎপাদন বাড়ানোর নিরন্তর প্রযাস, সক্ষম জনগোষ্ঠীর উপযুক্ত কর্মসংস্থান তৈরি, গ্রামীণ অর্থনীতিতে অর্থপ্রবাহ বাড়ানো এমনসব বিষয়কে গুরুত্ব দিতে হবে। দারিদ্রতার কোঠরে আটকে থাকলে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের অবস্থান সংহত করা কিছুতেই সম্ভব নয়। আমাদের এগিয়ে যেতে হবে জ্ঞান-বিজ্ঞান-উৎপাদন প্রতিটি শাখায়। এগিয়ে যেতে হবে জাতিগত মর্যাদা প্রতিষ্ঠার দিকে। সুতরাং বসে থাকার সময় নেই। কাজ করে যেতে হবে বহুবিস্তৃত ধারায়।