দারিদ্র থেকে মুক্তি পাওয়ার পথ হচ্ছে শিক্ষা -পীর মিসবাহ

স্টাফ রিপোর্টার
বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, রাতারাতি কেউ সম্পদশালী হয়ে যাবে, বিত্তবান হয়ে যাবে, এই রকম কোন পথ নাই। কারণ সুনামগঞ্জ হচ্ছে ভাটি এলাকা, বোরো ফসলের এলাকা, হাওর বাওর এলাকা। আমাদের এলাকায় কেউ রাতারাতি ধনী হওয়ার সুযোগ নাই। আপনার সন্তানকে যদি শিক্ষার আলোয় আলোকিত করতে পারেন.তাহলেই আপনার ঘর থেকে অভাব দূর হবে।
তিনি বলেন, আজকে সরকার উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছে, সেখানে মানুষের কাজের কোনো অভাব নাই, দক্ষ জনশক্তির অভাব দেখা দিয়েছে। কাজেই আপনার সন্তানদের যদি আপনি শিক্ষার আলোয় আলোকিত করতে পারেন, তাহলে আগামী দিনে আপনাদের
সন্তান আপনার ঘর আলোকিত করবে ।
রবিবার বিকালে ইসলামগঞ্জ ডিগ্রি কলেজে ছাত্র/ছাত্রীদের অভিভাবকদের নিয়ে “অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায়” প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় হুইপ এসব কথা বলেন।
ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আহমদের সভাপতিত্বে এবং প্রভাষক ফজলুল হক দোলন ও সালেহ আহমদের যৌথ পরিচালনায় অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, শিক্ষাবিদ শাহ মো.ফয়জুরনুর আলী, হাজী মুক্তার আলী, নুরুজ আলী, জাপা নেতা শওকত আলী, গভর্নিং বোর্ডের সদস্য মো.সামছুল হক, অ্যাড.হাবিবুর রহমান হাবিব, চয়ন তালুকদার, শিক্ষার্থী নাদিয়া আক্তার প্রমুখ।
এর আগে শ্রীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ৪১লক্ষ টাকা ব্যয়ে প্রাক্কলিত ভবন ও জগজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮১ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে নির্মিতব্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।