দিরাইয়ের সরমঙ্গল গ্রামে বন্যার্তদের অর্থ সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার
এবারের বন্যায় দিরাই উপজেলার সরমঙ্গল গ্রামের অপূরণীয় ক্ষতি হয়েছে। গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের এই দুর্দিনে পাশে দাঁড়াতে সরমঙ্গল নয়াবাড়ী তাদের আত্মীয়স্বজন দেশে এবং প্রবাসে যারা আছেন তারা সবাই মানবিক সাহায্যের ব্যাপারে এগিয়ে আসেন। তাদের সকলের উদ্যোগে এ জন্য ছয় লাখ ১৭হাজার টাকার সহায়তা তহবিল গঠন করা হয়। এই তহবিল থেকে প্রথম পর্যায়ে চিকিৎসা, ওষুধ ও খাদ্যসামগ্রী বিতরণে গ্রামবাসীদের ৯৫হাজার টাকা সহায়তা করা হয়। দ্বিতীয় পর্যায়ে ২৯ জুলাই শুক্রবার সকালে ‘সরমঙ্গল গ্রুপ’ এর উদ্যোগে তাদের নিজ গ্রাম সরমঙ্গল এবং পার্শ্ববতীর্ জারলিয়া ও রাঙ্গামাটি এই তিনটি গ্রামে ২০২টি পরিবারকে পাঁচ লাখ ২২ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।
সরমঙ্গল, নয়াবাড়ী পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী হুমায়ুন মঞ্জুর চৌধুরী, অবসরপ্রাপ্ত ডেপুটি সেক্রেটারি নওশের আহমেদ চৌধুরী, অবসরপ্রাপ্ত ব্র্যাক কর্মকর্তা জহুরুল আমিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মনসুর আলম চৌধুরী, ব্যবসায়ী আশফাক আমিন চৌধুরী ও আইএফআইসি ব্যাংক কর্মকর্তা আশরাফ আমিন চৌধুরী তাদের বাড়ীতে উপস্থিত থেকে গ্রামের মুরব্বী ও ইউনিয়ন পরিষদের সদস্যের উপস্থিতিতে বন্যার্তদের এই সহায়তা প্রদান করেন।