দিরাই সংবাদদাতা
দিরাই উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে দিরাই উপজেলা গণমিলনায়তন হলে আলোচনা সভা ও অসহায় দুস্থ মহিলাদের সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা গণমিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে ও তথ্যসেবা কর্মকর্তা পারমিতা দাস সুইটির পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দিরাই পৌরসভা মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব, সহকারি কমিশনার (ভূমি) অরূপ রতন সিংহ, দিরাই সার্কেল এএসপি আবু সুফিয়ান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. সোহেল আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. রিপা সিনহা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে ১০ জন প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাকে ১টি করে সেলাই মেশিন ও ১২জন অসহায় দুস্থ মহিলাকে নগদ ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।


