দিরাইয়ে হাওর থেকে শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার চাপতির হাওরের বৃন্দা বিল থেকে আলী হামযা (৭) নামের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার জগদল ইউনিয়নের জগদল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সোমবার দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে ঘটনার সাথে জড়িত সন্দেহে একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মুজাহিদ (১৪) কে আটক করেছে দিরাই থানা পুলিশ।
জানা যায়, নিহত আলী হামযা ও আটককৃত মুজাহিদ গত ৮ এপ্রিল ইফতারের পর থেকে নিখোঁজ হয়। দু’জনের নিখোঁজ সংবাদ জানিয়ে গ্রামের মসজিদগুলোতে মাইকিং করা হয়। রাত একটার দিকে মুজাহিদ বাড়িতে ফিরলেও আলী হামজা ফিরেনি। দুইদিন পর গ্রামের পশ্চিমে চাপতির হাওরের বৃন্দাবিল থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।