দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার বলেছেন, ‘দরিদ্র অসহায় পরিবার থেকেই অধিকাংশ মেধাবী ও গুণীজনরা জন্ম নেয়। এই অসহায় দরিদ্র পরিবারের অধিকাংশ শিশুরা কেউ দিনমুজুর, কেউ রিক্সা চালকের সন্তান, কেউ ভূমিহীন বাবার সন্তান আবার কেউ পথেঘাটে কায়িক পরিশ্রমী। অভাব অনটনে চলে তাদের সংসার। তারা একবেলা খাবার পেলে আরেক বেলা খেতে পায়না। এই শিশুদের স্বপ্নপূরণে দিরাইয়ে অসহায় ও পথশিশু শিক্ষাকেন্দ্র ব্যাতিক্রমধর্মী কাজ করে যাচ্ছে। তাই সমাজের সকল বিত্তবানদের এই পথশিশুদের জীবন মান উন্নয়নে এগিয়ে আসা নৈতিক দায়িত্ব।
বুধবার দিরাই অসহায় ও পথশিশু শিক্ষাকেন্দ্রে স্কুল ড্রেস বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন হাফিজুর রহমান তালুকদার।
যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক এম রহমান বাবলু মিয়ার অর্থায়নে ও এমকে ফাউ-েশনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মো. মোস্তাহার মিয়া মোস্তাক।
শিক্ষাকেন্দ্রের সদস্য সামসুজ্জামান লিকসনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক আবুল হোসাইন, উপজেলা চেয়ারম্যানের একান্ত সহকারী ফখরুল আমীন চৌধুরী বাবলু, সমাজসেবক মিসবাউল হাসান প্রমুখ।


