দিরাইয়ে আলোচিত ত্রিপল মার্ডার হত্যা-মামলার বাদী একরারকে গ্রেফতারের দাবি

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে ৩জন নিরীহ লোকের প্রাণহানির ঘটনায় দায়ের করা মামলায় জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দকে জড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে দিরাই উপজেলা কৃষকলীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় দিরাই উপজেলা কুষকলীগের উদ্যোগে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।    
উপজেলা কৃষকলীগের আহবায়ক তাজুল ইসলামের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সহ-সভাপতি সিরাজ উদদৌলা তালুকদার, অ্যাড. সুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদার, দপ্তর সম্পাদক বিকাশ রায়, আইন সম্পাদক অ্যাড. শহিদুল হাসমত খোকন, যুবলীগের সভাপতি রঞ্জন রায়, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহজাহান সরদার, ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি উজ্জল চৌধুরী, সাধারণ সম্পাদক মান্না তালুকদার লিমন, শ্রমিকলীগের কপিল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ও সুনাম ক্ষুন্ন করতেই একটি মহল জামায়াত বিএনপির এজেন্ডা বাস্তবায়নের জন্য দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশাররফ মিয়া, আওয়ামীলীগ নেতা উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদারকে এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় আসামী করা হয়েছে।  মামলার বাদী একরার হোসেনকে গ্রেফতারের দাবি জানিয়ে তারা বলেন, তাকে গ্রেফতার করলেই ঘটনার আসল রহস্য ও হত্যাকান্ডের সাথে কারা জড়িত পরিস্কার হয়ে যাবে। আমরা হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার চাই।