দিরাই প্রতিনিধি
দিরাইয়ে গ্রামের পাশের ডোবার দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত আব্দুল জব্বার (৫০) নামের এক ব্যক্তি রবিবার সকালে মারা গেছেন। উপজেলার জগদল ইউনিয়নের রাজনাও গ্রামে গেল ৪ ফেব্রুয়ারি এই সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ওই ব্যক্তি।
পুলিশ জানায়, রাজনাও গ্রামের ওয়াব উল্লাহ্ ও আব্দুল লতিফের লোকজনের মধ্যে ডোবার দখল ও মাছ ধরা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সংঘর্ষে গুরুতর আহত আব্দুল লতিফের ভাই আব্দুল জব্বারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকাল ৮ টায় ওখানেই মারা যান আব্দুল জব্বার।
দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম রবিবার বিকালে জানালেন, এ ঘটনায় নিহতের স্বজনরা থানায় মামলা দেবার জন্য এসেছেন।


