দিরাইয়ে কুলঞ্জ ইউনিয়ন প্রতীক নিয়ে ভোটারদের বিভ্রান্ত করার অভিযোগ

টিপু সুলতান, দিরাই
দিরাইয়ে  সংখ্যালঘু এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রতীক নিয়ে ভোটারদের মাঝে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ওঠেছে। বাড়ি বাড়ি গিয়ে নমুনা ব্যালট পেপার ছড়িয়ে ছিটিয়ে নৌকা প্রতীকের কর্মীরা ভোটারদের বিভ্রান্ত করছেন। উপজেলার কুলঞ্জ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পবিত্র মোহন দাসের নির্বাচনী প্রতীক টেলিফোন। কিন্তু ওই প্রতীক নমুনা ব্যালট পেপারে নেই। নির্বাচনী কর্মকান্ডে নিয়োজিত সংশ্লিষ্টরা মনে করছেন, এটা উদ্দেশ্যমূলক। নির্বাচনী প্রচারণায় পিছিয়ে রাখতে এমন নমুনা ব্যালট পেপার তৈরি করে এলাকায় বিতরণ করা হচ্ছে।
কুলঞ্জ ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের
বাউসি, দক্ষিণ সুরিয়ারপার, বোয়ালিয়া বাজার, ধাইপুর, ভাইট গাও, গলিশাল, রতনপুর, ধীতপুর, সোয়াতিয়র, মোস্তফাপুর গ্রামের শতাধিক ভোটার নাম প্রকাশ না করার শর্তে বলেন,‘এখানে টেলিফোন প্রতীক নিয়ে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী প্রবাসী পবিত্র মোহন তালুকদার। আমরাই তাকে নির্বাচনে প্রার্থী হতে উৎসাহ যোগিয়েছি। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিলন মিয়া তার কর্মী-সমর্থকদের ভোটারদের নিকট যে নমুনা ব্যালট পেপার বিতরণ করছেন সেই ব্যালট পেপারে নৌকা, ধানের শীষ, টেলিভিশন, হারিকেন, আনারস, ঘোড়া, চশমা, অটোরিক্সা, মোটর সাইকেল, লাঙ্গল, বাই-সাইকেল, ছাতা প্রতীক থাকলেও  টেলিফোন প্রতীক নেই।   
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পবিত্র মোহন তালুকদার বলেন, নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর জন্য নানাভাবে তাকে ভয়ভীতি দেখানো হয়েছে। কিন্তু তারা সফল হতে পারে নি।
এ ব্যাপারে নৌকা প্রতীকের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন মিয়া বলেন,‘এলাকায় নমুনা ব্যালট পেপার বিতরণ কারা করছে তা আমি জানি না। তবে পবিত্র মোহন দাসকে প্রথমে ঢোল প্রতীক দেওয়া হয়েছিল। সেটা তার পছন্দ হয় নি। পরে তাকে টেলিফোন প্রতীক বরাদ্দ দেয়া হলেও তা নমুনা ব্যালট পেপারে ছিল না।’
উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান বলেন,‘একটি ইউনিয়নে যতজন প্রার্থী থাকবে ব্যালট পেপারে ততটি প্রতীক থাকবে। নির্বাচনী প্রচারণায় পিছিয়ে রাখার জন্য উদ্দেশ্যমূলকভাবে একজনের প্রতীক বাদ দিয়ে এটা হয়তো কেউ বানিয়ে এলাকায় বিতরণ করছে।’  
প্রসঙ্গত,  কুলঞ্জ ইউনিয়নে ৭ চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে মিলন মিয়া (নৌকা), বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদ (ঘোড়া), একরার হোসেন (মোটর সাইকেল), কাওসার গাজী চৌধুরী (চশমা), বিএনপি মনোনীত মুজিবুর রহমান (ধানের শীষ), বিদ্রোহী প্রার্থী মিজবাউজ্জামান চৌধুরী (আনারস) এবং স্বতন্ত্র প্রার্থী পবিত্র মোহন দাস (টেলিফোন) নির্বাচনী প্রচারণায় নেমেছেন। পঞ্চম ধাপে ২৮ মে এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।