আবু হানিফ চৌধুরী, দিরাই
দিরাই ও শাল্লা উপজেলায় একামাত্র বোরো ফসল হারিয়ে কৃষকরা দিশেহারা হয়ে পড়ছেন। ‘বাঁচাও কৃষক, বাঁচাও দেশ, গরবো মোরা সোনার বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে দিরাই-শাল্লা কৃষক ফোরামের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার পৌরসদরের থানা পয়েন্টে কৃষক ফোরামের সমন্বয়কারী উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসুচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, কুলঞ্জ ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ধনীর রঞ্জন রায়, দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবদুল হক, দিরাই ডিগ্রী কলেজের প্রভাষক সন্ধীপন দাস, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতা বিশ্বজিৎ চৌধুরী, মাধ্যমিক শিক্ষক সমিতির প্রতিনিধি গোলাম মোস্তফা রুমী, শিক্ষক স্বদেশ দাস, আবু সাঈদ চৌধুরী,সামছুজ্জামান, জুনেদ মিয়া, আপেল মাহমুদ প্রমুখ।
মাবনবন্ধনে বক্তারা বলেন, ‘এবারের দুর্যোগকে মানবসৃষ্ট দুর্যোগ উল্লেখ করে হাওরের বাঁধের কাজে সংশ্লিষ্ট দুর্নীতিবাজদের দৃষ্টান্তমুলক শাস্তি, দিরাই-শাল্লাকে দুর্গত এলাকা ঘোষণা ও দুর্যোগ মোকাবেলায় বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালুর দাবি জানান। এই দুর্যোগকে শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় মানবসৃষ্টি দুর্যোগ হিসেবে দেখছেন অনেকে। অকালে বাঁধ ভেঙ্গে ফসলী জমি তলিয়ে যাওয়ার জন্যে মানবসৃষ্ট দুর্যোগকেই দায়ী করা হচ্ছে। বছরের পর বছর ফসল হারিয়ে নিঃশ্ব কৃষকদের এবার দেয়ালে পিঠ ঠেকানোর মত অবস্থা। প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা হাওর পাড়ের কৃষকরা এবার ফুসে উঠছেন। মানবসৃষ্ট দুর্যোগকে তারা কোনভাবেই মেনে নিতে পারছেন না। অকালে ফসল হানির ঘটনায় তারা দুর্নীতিবাজ পাউবো-ঠিকাদার ও পিআইসি সদস্যদের দায়ী করে তদন্তপুর্বক তাদেরকে শাস্তির আওতায় আনার দাবী করছেন তারা।


