দিরাইয়ে ছুরিকাঘাতে মহিলাসহ আহত ২

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে সন্ত্রাসীদের এলোপাথাড়ি ছুরিকাঘাতে সৌভাগ্য রানী দাস (৫৫) নামক ১ মহিলা গুরুতর আহত হয়েছেন। এসময় মহিলাকে বাঁচাতে পরিবারের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীদের বেধড়ক মারধরে আহত হন তার মেয়ে জামাই দিবাকর দাস (৩৫), ছেলে দিপংকর দাস (২৫)। বুধবার দিবাগত রাত ১ টায় উপজেলার সরমঙ্গল ইউনিয়নের চিতলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত সৌভাগ্য রানী দাস বর্তমানে মুমূর্ষু অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও দিবাকর দাস দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিবস্থায় চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় আহত দিপংকর দাস বাদী হয়ে একই গ্রামের সুমন দাসের পুত্র রান্টু দাসসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন। এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, দিপংকর দাস একজন ভুষিমালের ব্যবসায়ী। নিজ বাড়ির সামনের একটি কক্ষে দোকান দিয়ে ব্যবসা করেন তিনি। ডাকাতি মামলায় হাজতবাসকারী রান্টু দাস তার সহযোগীদের নিয়ে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করত। ঘটনার দিন রাতে গ্রামে কালী পুজানুষ্ঠান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিলো। রাত ১২ টার দিকে রান্টু দাস ও তার সহযোগীরা অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করে অনুষ্ঠান ভন্ডুল করে দেয়। এরপর দিপংকর দাস তার ভগ্নিপতি দিবাকর দাস অনুষ্ঠানস্থল ত্যাগ করে বাড়িতে এসে ভাত খেতে বসেন। এসময় রান্টু দাস ও তার সহযোগীরা দিপংকরের বন্ধ দোকানের দরজায় এসে ডাকাডাকি করে সিগারেট দিতে বলে। দিপংকর দরজা খুলে সিগারেট দেওয়ার সময় রান্টু ও তার সহযোগীরা দোকানে প্রবেশ করে দিপংকরকে মারধর করে তার দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ভেতরের কক্ষ থেকে ঘটনা প্রত্যক্ষ করে দিপংকরের মা সৌভাগ্য রানী ঘটনাস্থলে এসে বাধা দিতে চেষ্টা করলে রান্টু ও তার সহযোগীরা মহিলাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। এতে সৌভাগ্য রানীর তলপেট ও বাম হাতে ছুড়ি বিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। অভিযোগ পাবার বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।