দিরাইয়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার কাইলনগর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে। নিহতের নাম আকিল শাহ (৬০)্। তিনি উপজেলার কাইলনগর গ্রামের সোনাফর আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজানগর ইউনিয়নের কাইলনগর গ্রামের সিদ্দিক আলী ও আকিল শাহ্ দুই সহোদরের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার বিকেলে বড় ভাই আকিল শাহ’র ছাগল সিদ্দিক আলীর শিম গাছ খায়। একারণে ছোট ভাই সিদ্দিক আলী ক্ষেপে যান। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই সিদ্দিক আলী তার ছেলেসহ বড় ভাই আকিল শাহের উপর লাঠিসুটা নিয়ে হামলা চালায়। এসময় আকিল শাহ্ গুরুতর আহত হলে তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতে তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বৃহস্পতিবার সকাল ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্য হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, ‘শিমগাছ খাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে মারামারি হয়। আহত বড়ভাই আকিল শাহ্ আজ বৃহস্পতিবার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মামলার প্রস্তুতি চলছে।’