দিরাইয়ে জেলে হত্যার প্রতিবাদ- খুনিদের গ্রেফতার ও ভাসান পানিতে মাছধরার দাবিতে মানববন্ধন- বিক্ষোভ

দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের সেচনী গ্রামের নিরিহ জেলে আব্দুল হান্নান হত্যাকান্ডের প্রতিবাদ, আসামীদের গ্রেফতার ও ভাসান পানিতে মাছ ধরার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় বাংলাবাজারে  নিহতের স্বজনসহ  আশ পাশের গ্রামের সহ¯্রাধিক মানুষ এসব কর্মসূচি পালন করেন।
দুপুর ১২ টায়  আবদুল জাহেদ মিয়ার  সভাপতিত্বে  এবং  উপজেলা আওয়ামী লীগ সদস্য আমিন আলীর সঞ্চালনায় বাংলাবাজারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন- এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আবুল কালাম, ইয়াছিন মিয়া, মতিউর রহমান, সাইদুল ইসলাম, তফাজ্জুল, রিয়াজ উদ্দিন, ওয়াহিদনুর, সাইফুল ইসলামসহ নিহতের স্ত্রী আবিদা খাতুন, ছেলে ইমান আলী ও আবুল হোসেন। মানববন্ধন শেষে বাজারে বিক্ষোভ মিছিল করেন তারা।
গত ৩ নভেম্বর রাতে হাওরে মাছ ধরার সময় খাগাউড়া গ্রামের প্রভাবশালীরা আব্দুল হান্নানকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে বলে সভায় দাবি করা হয়। পরে এই নিয়ে ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামী করে জামালগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। কিন্তু এ ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি বলে দাবি বক্তাদের।