দিরাইয়ে পাউবো’র সাগর চুরি=‘ঠিকাদার চিটাগাঙ্গের সাব-কন্ট্রাকটার নেত্রকোণার কাজ করাচ্ছেন টপটেরর’

স্টাফ রিপোর্টার, দিরাই
‘ঠিকাদার চিটাগাঙ্গের। সাব-কন্ট্রাকটার নেত্রকোণার। অন্তরালে থেকে বাঁধের কাজ করাচ্ছেন, স্থানীয় এক টপটেরর। সাইট দেখাশুনা করছেন তারই প্রতিনিধি পাশের গ্রামের বিতর্কিত আরেকজন। এভাবে সিন্ডিকেটের মাধ্যমে লুটেরা পাউবো অকাল বন্যার হাত থেকে হাওরে উৎপাদিত বোরো ফসল রক্ষার অজুহাতে সাগর চুরির আয়োজন করে প্রকল্পের টাকা লুটে নেবার পাঁয়তারা করছে।
২৯ মার্চ (আজ মঙ্গলবার) মেয়াদ শেষ হবার কথা থাকলেও কাজ হয়নি ৫০ ভাগও। বাঁধের কাজে ক্ষুব্ধ দিরাই উপজেলার হুরা মন্দিরা হাওরপারের কৃষকরা এভাবেই তাদের ক্ষোভের কথা জানিয়ে বলেন, এস্কেভেটর মেশিন দিয়ে বাঁধের একেবারে গোড়া থেকে মাটি উত্তোলন করায় বাঁধের মাটি ধ্বসে পড়ছে। ভারি বৃষ্টিপাত হলে  বাঁধের কোনো অস্তিত্বই থাকবে না।
পাউবো জগন্নাথপুর সাব-ডিভিশনের উপ-বিভাগীয় প্রকৌশলী তাজুল ইসলাম জানিয়েছেন, হুরা মন্দিরা হাওরে ৫০ লাখ টাকার আড়াই কিলোমিটার বাঁধের কাজের ঠিকাদার হচ্ছেন, চিটাগাঙ্গের এসএএসআই প্রাইভেট লিমিটেডের এমরান হোমেন। তিনি নেত্রকোনার সাব-কন্ট্রাকটার সেলিম আহমেদকে ওই বাঁধের কাজের দায়িত্ব দিয়েছেন। স্থানীয় টংগর গ্রামের এক ব্যক্তির সহায়তায় এস্কেভেটর মেশিনের সাহায্যে বাঁধের কাজ করাচ্ছেন তিনি। তবে  বাঁধে সব সময় অবস্থান করছেন, রাড়ইল গ্রামের আজাদ মিয়া চৌধুরী। মূলত এরাই বাঁধের কাজে গোলমাল পাকাচ্ছে। আমাদের কোনো দিকনির্দেশনাও তারা মানছে না। আমরা যা চাচ্ছি না, এলাকার লোকজন যে সব কাজে শুরু থেকেই আপত্তি জানিয়েছে সেইসব কাজই তারা করছে। বাঁধের কাজ সংশোধন করে দিতে আমরা বলেছি। অন্যথায় বিল পরিশোধে আপত্তি জানাবো।
রাড়ইল গ্রামের আবুল খয়ের চৌধুরী, গৌছ মিয়া, হাজি ইরা মিয়া, বশির মিয়া, চানপুর গ্রামের মাহবুব আলম, শামছুদ্দিন আব্দুর রশিদ, কারি গৌছ মিয়া জানান, বাধের গোড়া থেকে মাটি তোলায় অনেক স্থানেই বাঁধের মটি ধ্বসে পড়ছে। বড় ধরনের বৃষ্টিপাত হলে পুরো বাঁধ একইভাবে ধ্বসে পড়বে। তাদের অভিযোগ, হাওরে ফসল আমাদের। অথচ ঠিকাদারের স্থানীয় প্রতিনিধিরা আমাদের কোনো কথাউ শুনছে না।
 ইউপি সদস্য সুজাত মিয়া বলেন, নদীর তীর কেটে বাঁধে মাটি তোলায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বাঁধে শ্লোপ না থাকায় নদীতে ঢলের পানি ঢুকলেই বাঁধ ভেঙে যাবে।