দিরাইয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের তদন্ত দল

আবু হানিফ, দিরাই
দিরাই উপজেলায় গতবছর হাওররক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতি তদন্ত এবং ভেঙে যাওয়া বাঁধ এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বেগম হামিদা আক্তার চৌধুরী।
শনিবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তিনি উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দিপুর, কচুয়া, কাজাউড়া, তাড়ল ইউনিয়নের তুফানখালি, কাঠাখালি, বোয়ালিয়া, কাদিরপুরের ঢালা, কুলঞ্জ ইউনিয়নের   বাদাইল্লা ও সরমঙ্গল ইউনিয়নের মাছুয়ার খাড়া হাওররক্ষা বাঁধ পরিদর্শন করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন ইকবাল, পানি উন্নয়ন বোর্ডের তত্তাবধায়ক প্রকৌশলী এস.এম শহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (১) আবু বকর সিদ্দিক ভুইয়া, নির্বাহী প্রকৌশলী (২) শাহিনুজ্জামানসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাঁধ এলাকা পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৪ টায় দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে পানিসম্পদ মন্ত্রণালয়ের তদন্তদলের আহ্বায়ক বেগম হামিদা আক্তার চৌধুরী বলেন, ‘তদন্ত কমিটির সদস্যরা দুটি তদন্ত প্রতিবেদন তৈরী করেছেন। তদন্ত প্রতিবেদনের বাস্তবতা যাচাই করার জন্যই  সরেজমিন এলাকায় এসেছি। তদন্ত প্রতিবেদন এবং বাস্তবতার নিরিখে ব্যবস্থা গ্রহণ করা হবে। হাওরের ফসল রক্ষায় সরকার বিশেষ গুরুত্বারোপ করছে। নদী খননের প্রকল্প গ্রহণ করা হয়েছে। অতি তাড়াতাড়ি নদী খনন কাজ শুরু হবে। কোনভাবেই হাওর রক্ষা বাঁধ নিয়ে অনিয়ম দুর্নীতি করতে দেয়া হবে না।