দিরাইয়ে পুত্রের হামলায় আহত পিতা

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে পুত্রের হামলায় আফসর উদ্দিন (৬০) নামে এক পিতা গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত পিতাকে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হামলাকারী পুত্র কামালকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার জগদল ইউনিয়নের কামরিবিচ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, আফসর উদ্দিনের সাথে বাড়ীর সীমানা নিয়ে তার আপন ভাই লোকমান উদ্দিন ও আব্দুল মান্নানের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ রয়েছে। এ নিয়ে আদালতে মামলা চলছে। এ হামলার পর গ্রামবাসীর হাতে আটক ঘাতক পুত্র কামাল মিয়া গ্রামবাসীর কাছে বলে তাদের প্রতিপক্ষ লোকমান উদ্দিনের পুত্র সাদিকের স্ত্রী ও আব্দুল মান্নান তাকে ৭লক্ষ টাকার প্রলোভন দিয়ে তার বাবাকে হত্যা করতে বলে। সেই টাকার লোভে সকাল ১০টার দিকে ঘুমন্ত বাবার উপর ধারালো অস্ত্র দিয়ে প্রাণে মারার উদ্দেশ্যে হামলা করে।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে হামলাকারী কামাল মিয়াকে আটক করেছে। হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। হামলাকারী খারাপ প্রকৃতির লোক, সে একজন জুয়াড়ি। নিজেই বাবাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে বলে জানিয়েছে। এর পেছনে অন্য কোন কিছু রয়েছ কিনা তা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।