দিরাই সংবাদদাতা
দিরাইয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। এসময় একজন সাংবাদিক আহত হন।
জ¦ালানি তেলের মূল্যবৃদ্ধি ও ভোলায় দুই বিএনপি কর্মীকে হত্যার প্রতিবাদে দেশব্যাপী বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয় কেন্দ্রীয় বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিরাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বেলা সাড়ে এগারোটায় বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে দিরাই থানা রোডের বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয়।
সমাবেশে বক্তব্য দেয়া নিয়ে সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী’র সমর্থক ও জেলা বিএনপির উপদেষ্টা অ্যাড. তাহির রায়হান চৌধুরী পাভেলের সমর্থকদের কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় দৈনিক নয়া দিগন্ত’র উপজেলা প্রতিনিধি ইমরান হোসেন আহত হন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য দিরাই-শাল্লার সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী’র থাকার কথা থাকলেও শারিরীক অসুস্থ্যতার জন্য তিনি উপস্থিত হতে পারেন নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সংগঠনের স্থানীয় বিবদমান দুইগ্রুপ একসঙ্গে কর্মসূচী করার আয়োজন করায় সকাল থেকেই কিছুটা উত্তেজনা ছিল। বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনাজ্জির হোসেন সুজন, সদস্য ব্যারিস্টার মাহদিন চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ আহসান বক্তব্য দেন। সবশেষে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের বক্তব্যের সময় তাহির রায়হান চৌধুরী’র সমর্থকরা তাদের নেতা তাহির রায়হানকে বক্তব্য দেবার জন্য চিৎকার করে বলতে থাকে। এসময় নাছির উদ্দিন চৌধুরী’ সমর্থকরা প্রতিবাদ জানালে দুইপক্ষে কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
তাহির রায়হান চৌধুরী পাভেলের সমর্থক বিএনপি নেতা হুমায়ুন কবির দিরাইয়ে দলের কর্মসূচীতে হট্টগোলের জন্য সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী’র ভাই উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুক আহমদকে এবং তাদের সমর্থক ছাত্রদল নেতাদের দায়ী করেন।
এ ব্যাপারে জানতে মাসুক আহমদকে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায় নি।


