দিরাইয়ে মুক্তিযোদ্ধার হাঁস লুট, আটক ২

দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের সিরিয়ারচর গ্রামে মুক্তিযোদ্ধা বকুল চন্দ্র দাসের হাঁসের খামার থেকে ৮০০ হাঁস লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধার অভিযোগের প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় দুইজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, সিয়ারচর গ্রামের গীরিন্ড তালুকদারের পুত্র আশীষ তালুকদার ও একই গ্রামের অমর চাঁদ তালুকদারের পুত্র অধীর তালুকদার (৪৮)।
জানা যায়, গ্রাম্য বিরোধের জের ধরে দুপুরে গ্রামের আশীষ তালুকদার ও অধীর তালুকদারের লোকজন মুক্তিযোদ্ধা বকুল চন্দ্র দাসের হাঁসের খামার থেকে প্রায় ৮০০ হাঁস লুটে নেয়। মুক্তিযোদ্ধা বকুল চন্দ্র দাস থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ গ্রামে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।
দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুক্তিযোদ্ধার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ২ জনকে আটক ও লুটে নেওয়া হাঁস উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানান ওসি।