দিরাইয়ে মোবাইল সার্ভিসিং ও পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

দিরাই সংবাদদাতা
দিরাইয়ে বেকার যুবদের মোবাইল সার্ভিসিং ও পোষাক তৈরি বিষয়ক দশ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
দিরাই উপজেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শনিবার বিকাল ৪টায় করিমপুর ইউনিয়নের নতুন কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে উপজেলার ৭০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে ও দিরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন চন্দ্র দাস।
স্বাগত বক্তব্য রাখেন নতুন কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি রানী দাস।
বক্তব্য রাখেন নতুন কর্ণগাঁও সূর্য মুখি যুব সংঘের সভাপতি ছদরুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আলী হোসেন তালুকদার প্রমুখ।