দিরাইয়ে যুবলীগের সম্মেলন সভাপতি রঞ্জন রায়

স্টাফ রিপোর্টার, দিরাই
দিরাই উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে পুনর্বার নির্বাচিত হয়েছেন রঞ্জন কুমার রায়। বুধবার বিকেলে দিরাই বিএডিসি মাঠে উপজেলা যুবলীগের সম্মেলনে কমিটি ঘোষণা করেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। দীর্ঘ একযুগ পর সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে নেতৃত্বপ্রত্যাশী নেতাদের ব্যানার, পোস্টার, ফেস্টুন ও তোরণে ভরপুর ছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থান।
সম্মেলনে সভাপতি পদে আর কোন আগ্রহী প্রার্থী না থাকলেও সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে মাঠে ছিলেন ৮ জন। কিন্তু শেষ পর্যন্ত সাধারণ সম্পাদক পদে কারো নামই ঘোষিত না হওয়ায় সকলেই হতাশ হয়েছেন।
উপজেলা যুবলীগের আহবায়ক রঞ্জন রায়ের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার  বক্তব্য রাখেন, যুবলীগের  সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক। বিশেষ অতিথি ছিলেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. বেলাল আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায় ও জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি স্মরণ।