টিপু সুলতান, দিরাই
দিরাইয়ে জমি-জমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে রাতভর সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২৬ জন গুলিবিদ্ধসহ ৫০ জন আহত হয়েছে। গুরুতর আহত ৪০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার রাত ৯ টা থেকে শনিবার ভোর রাত পর্যন্ত উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর গ্রামে কয়েক দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে পুলিশ ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- আলী আকবর, মাসুক মিয়া, আবদুল মান্নান, এরশাদ মিয়া ও এনাম আলী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর গ্রামের আলী আকবর ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য শাহিদ আলী’র আত্মীয়-স্বজনের মধ্যে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে শুক্রবার সন্ধায় প্রথমে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাত প্রায় ১২ টা থেকে কয়েক দফায় দুই পক্ষে সংঘর্ষ হয়। এসময় গুলাগুলি’র ঘটনাও ঘটে। সংঘর্ষ চলাকালে শটগানের গুলিতে দিল মালা, মুক্তার হোসেন, আকাশ মিয়া, মাসুকুর রহমান, আব্দুল হক, দিলমালা, সাকাতুল, রাজিব উদ্দিন, সাকিব, তানবির, রফু মিয়া, এমদাদুল, টিটু মিয়া, নাঈম, আজাহার, জোটন, আতাবনুর, ওবায়দুর, জোসেফ, বাবুল, রাজিকুলসহ ২৬ জন গুলিবিদ্ধ হন।
শুক্রবার রাতে দিরাই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মনি রানী তালুকদার জানান, রফিনগরের সংঘর্ষে আহতরা রাত পৌনে ৩ টা থেকে হাসপাতালে আসা শুরু হয় এবং সকাল পর্যন্ত ৪০ জনের নাম খাতায় এন্ট্রি হয়। আহতদের মধ্যে আমরা ২১ জনের শরীরে গুলি দেখেছি, সঙ্গে সঙ্গে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাদের। অন্য আহতদের অবস্থাও আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে’। তিনি জানান, আহতের সংখ্যা ৫০ ছাড়িয়ে যাবে। গুলিবিদ্ধের সংখ্যাও বাড়তে পারে। আহত অনেকেই হাসপাতালে এন্ট্রি না করেই সিলেট চলে গেছেন।
এএসসি সার্কেল (দিরাই) মো. ছুরত আলম বলেন,‘জমি জমা নিয়ে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। অনেকেই আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাবেরা আক্তার জানিয়েছেন, ঘটনার পর ইউএনও ও সহকারী পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন- জমি-জমা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনার খবর আগে থেকে ইউএনও বা পুলিশেরও জানা ছিল না। ঘটনার পর সেখানে প্রথমে কয়েকজন পুলিশ পাঠানো হয়। শনিবার দুপুরে এএসপি মো. ছুরত আলমসহ থানার ওসির নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ গেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে, এ ঘটনার পর গ্রামের দুই পক্ষের লোকজনই এলাকা ছেড়ে পালিয়েছে। ঘটনায় জড়িতদের মুঠোফোনও বন্ধ রয়েছে।


