দিরাইয়ে সরকারি ভূমি থেকে গাছ কাটার পায়তারা

স্টাফ রিপোর্টার, দিরাই
দিরাই-মদনপুর সড়কের শরিফপুর গ্রাম এলাকায় সরকারি ভূমি থেকে  একটি রেন্টি গাছ কেটে নেয়ার পায়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ ধরনের অভিযোগ দায়ের করেছেন, শরিফপুর গ্রামের নূর মিয়া ও এমরান হোসেন। অভিযোগপত্রে দুই অভিযোগকারী অভিযোগ করেন, একই গ্রামের মৃত আব্দুল মছব্বির মিয়ার ছেলে আফরোজ মিয়া ৪০ বছর বয়সী একটি রেন্টি গাছ কেটে নেয়ার পায়তারা করছেন। প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ওই গাছটি একই গ্রামের ইসলামুদ্দিনের দোকানের সামনে সরকারি ভূমিতে অবস্থিত।
যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি আমার  ভাই উল্লেখ করে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী বলেন, দিরাই-মদনপুর রোডের চেয়ারম্যান হলাম আমি। জায়গার মালিক সরকার হলেও গাছের মালিক গ্রামীণ জনকল্যাণ সংসদের চেয়ারম্যান জামিল চৌধুরী। তার কাছ থেকে অনুমতি নিয়েই গাছটি বিক্রির জন্য দরদাম চলছে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ঝড়-তুফানে প্রায়ই গাছের ডাল-পালা ভেঙ্গে তাদের দোকান ঘরের ক্ষয়-ক্ষতি হয়। এখন দোকান ভেঙ্গে ঘর বানানোর জন্য গাছটি কাটা জরুরী। যে কারণে গাছটি বিক্রি করে যত টাকাই পান তা সরকারি ফান্ডে  জমা দিয়ে দেবেন। গ্রামের দুই অভিযোগকারী সম্পর্কে পাল্টা অভিযোগ করে ছবি চৌধুরী বলেন, মানুষের চোখে ধুলো দিয়ে এরা সড়কের উভয় পাশ থেকে কত গাছ বিক্রি করেছে তার কোনো হিসাব-নিকাশ নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, সরকারের ভূমি থেকে গাছ কাটতে হলে পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিতে হয়। এ ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের অনুমতি রয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।