দিরাই সংবাদদাতাপ
দিরাইয়ে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এর উদ্যোগে বন্যার্তদের মাঝে জরুরি খাদ্য সহায়তা প্রকল্প বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় দিরাই উপজেলা পরিষদের হলরুমে মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়। সভায় সিএনআরএস-এর উদ্যোগে ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এর সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জরুরী খাদ্য সহায়তা প্রদান কর্মসূচির আওতায় দিরাইয়ে ১১৬০ সুবিধাভোগী পরিবারের মাঝে চাল, ডাল, নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে ও সিএনআরএস-এর প্রজেক্ট ম্যানাজার শংকর বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, ওসি (তদন্ত) আকরাম হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, খাদ্য নিয়ন্ত্রক কামরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কৃষি কর্মকর্তা নাহিদ আহমেদ, সমবায় কর্মকর্তা রাজমনি সিনহা, ইউপি চেয়ারম্যান পরিতোষ রায়, মোয়াজ্জেম হোসেন জুয়েল, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ, প্রজেক্ট অফিসার মো. আবু সাঈদ, এফএফ তোফাজ্জল হোসেন, ফাতেমা বেগম, প্রণয় চৌধুরী, রাহুল চৌধুরী, অসীম দেবনাথ, মৌসুমি চৌধুরী প্রমুখ।
সিএনআরএস জানায়, বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলের বন্যার্তদের মাঝে জরুরী খাদ্য সহায়তা প্রকল্পের আওতায় দিরাই উপজেলার রফিনগর, চরনারচর ও সরমঙ্গল ইউনিয়নের ১১৬০ পরিবারের মাঝে পরিবার প্রতি ৪০কেজি চাল, ৪কেজি ডাল, নগদ আড়াইহাজার টাকাসহ মোট ৫হাজার টাকার প্যাকেজ প্রদান করা হবে।


