দিরাইয়ে হাওররক্ষা বাঁধ নির্মাণ কমিশনের গুমর ফাঁক

টিপু সুলতান, দিরাই
দিরাইয়ে বাঁধের কাজে মনিটরিং বাড়ানো হলেও উন্নতির তেমন কোনো লক্ষণ নেই। দ্রুত কাজ শেষ করতে জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশনা কার্যকর হচ্ছে না পাউবো’র দুর্নীতিবাজ মাঠ প্রকৌশলী ও পিআইসি’র কমিশন বাণিজ্যের মারপ্যাচে।
 পিআইসির সভাপতিরা অবশ্য দাবি করছেন, বরাদ্দের তৃতীয় কিস্তির টাকা না পাওয়ায় তারা কাজ করতে পারছেন না। পাউবো বলছে, টাকা না পাবার অজুহাতে মাঝপথে এসে কাজ ফেলে রাখা খুবই দুঃখজনক।
জানা গেছে, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, উপজেলা প্রশাসন থেকে পৃথক দুটি কমিটিকে বাঁধের কাজ মনিটরিংয়ের দায়িত্ব দেয়া হয়।  ওই কমিটিতে এলজিইডির দু’জন উপ-সহকারি প্রকৌশলীকে রাখা হলেও তারা বাঁধের কাজে সময় দিতে পারছেন না দাপ্তরিক কাজের জন্যে। এ ছাড়া গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে পাউবো-পিআইসিকে নিয়ে বাঁধের কাজ পর্যালোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তাকে দিয়ে আরেকটি কমিটি গঠন করা হয়। এ কমিটিও এখন পর্যন্ত কাজ শুরু করেনি।
শনিবার বিকেলে দিরাই’র বরাম হাওরে বোয়ালিয়া ও তোফানখাড়ি বাঁধ পরিদর্শন করেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পাউবো’র নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন। এ সময় পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী খলিলুর রহমান, বোয়ালিয়া বাঁধের পিআইসির সভাপতি আমিনুল ইসলাম মিন্টু ও তোফানখাড়ি বাঁধের পিআইসির সভাপতি আবুল হোসেন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বলেন,‘তোফান খাড়ি বাঁধের কাজ দেখে ডিসি স্যার সন্তোষ প্রকাশ করলেও বোয়ালিয়া বাঁধের কাজে পাউবো’র নির্বাহী প্রকৌশলীর সামনেই পিআইসির সভাপতিকে ধমক দিয়ে বলেন, শুধু মাটি ফেললেই বাঁধ হয় না। পার্শ ঢাল ও উপরের ঢালা ভাঙ্গা হয়নি কেন জানতে চান। এগুলোই বাঁধের মূল শক্তি উল্লেখ করে তিনি দ্রুত এ দুটি কাজ করানোর  নির্দেশনা দেন পাউবো’র মাঠ প্রকৌশলীদের।
এ প্রসঙ্গে পিআইসির সভাপতি আমিনুল ইসলাম বলেন,‘পাউবোর কর্মকর্তারা একেকবার একেকজন এসে সাশিয়ে যান। ইউএনও সাব এসেও কাজের জন্য ধমক দেন।  টাকা না পেলে কাজ করাবো কি দিয়ে একবারও কেউ ভাবেন না। রবিবার সারাদিন সুনামগঞ্জে গিয়ে টাকার জন্যে দৌড়াদৌড়ি করেছি। এসডি সাবকে ৩০ বার এবং এসও সাবরে অন্তত ২০ বার ফোন করেছি। কেউই ফোন ধরেন না। তিনি পাল্টা অভিযোগ করে বলেন,‘দুই কিস্তিতে ৪৫ ভাগ টাকা পেয়েছি। ভ্যাট আইটি ও পাউবো’র চাপিয়ে দেয়া অলিখিত কমিশন (অফিস খরচ) দিয়ে যে টাকা অবশিষ্ট থাকে এর চাইতে দিগুন কাজ করিয়েছি। এখন বলা হচ্ছে, বাঁশ, বস্তা ও চাটাই কেনার জন্যে। অথচ কার্যাদেশ পত্রে এসব কাজ করার কথা নেই। টাকা না পেলে ঋণ করে তিনি বাঁধে আর কোনো কাজ করবেন না বলে মন্তব্য করেন।’
চাপতির হাওরের বৈশাখী বাঁধের পিআইসির সভাপতি তাড়ল ইউপি চেয়ারম্যান নুরুল হক তালুকদার বলেন, ‘প্রথম কিস্তির টাকা থেকে পানি উন্নয়ন বোর্ডের অফিসারসাবরা কোনো টাকা কমিশন নেন না। কাজের বরাদ্দ কত তা আমাদের জানানও না। ওই টাকা আনার পর এসও সাবের সাথে পরের তিন কিস্তির টাকা লেন-দেন’র অলিখিত চুক্তি করার পরই কাজের বরাদ্দ জানানো হয়। শুধু তা-ই নয়, তাদের হুকুম অনুযায়ী বরাদ্দের অর্থ উত্তোলন করতে রূপালী ব্যাংক, সুনামগঞ্জ শাখায় একাউন্ট খুলতে হয়। প্রকল্পের সভাপতির নামে ২ নম্বর ৩ নম্বর ও ৪ নম্বর কিস্তির টাকার চেক ব্যাংকও নিয়ে গেলে চুক্তি অনুযায়ী পানি উন্নয়ন বোর্ডের কমিশনের টাকা ম্যানেজার সাব রেখে দেন। আবার আগাম বন্যায়  হাওরের ফসল ডুবলে চতুর্থ  কিস্তির টাকা  আর পাওয়া যায় না। এটা পাউবো’র কেমন আচরণ আমরা বুঝতে পারি না।
তবে এসব সকল অভিযোগ অস্বীকার করে রূপালী ব্যাংক সুনামগঞ্জ শাখার ম্যানেজার চৌধুরী মনিরুজ্জামান দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘ ব্যাংকে টাকা রাখা নিয়ে পিআইসিদের অভিযোগ সত্য নয়। তারা আমাদের কাছে যত টাকার চেক নিয়ে আসেন আমরা তত টাকাই প্রদান করি। ব্যাংকে কোন টাকা রাখা হয় না। ব্যাংকের বাইরে কোথাও কোন কিছু হয়ে থাকলে সেটা আমাদের দায় নয়। পিআইসিদের কাছ থেকে অর্থ আদায় করা হয় বলে আমরাও শুনতে পাই। কিন্তু কে কোথায় কার কাছ থেকে টাকা আদায় করছে তা আমাদের জানা নেই। আমাদের বিরুদ্ধে অহেতুক এসব অভিযোগ করা হচ্ছে। ’