টিপু সুলতান, দিরাই
দিরাই উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করে সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, আমরা দিরাইকে অবশ্যই বাল্য বিবাহমুক্ত রাখবো। এতে অনেক বাধা বিপত্তি আসতে পারে। কিন্তু আমরা কোনো বাধা মানব না। শনিবার দুপুরে দিরাই বিএডিসি মাঠে দিরাই উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা’র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌর মেয়র মোশাররফ মিয়া, দিরাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ অনুকূল চন্দ্র দেব, প্রাক্তন অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছাব উদ্দিন সরদার, নারী ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া ও অ্যাডভোকেট সোহেল আহমদ।
শিক্ষিত মেয়েরা এখন ২২/২৩ বছর পেরিয়ে যাবার পর বিয়ে করছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, মানসম্মত শিক্ষার হার যদি বাড়ানো না যায় তাহলে বাল্য বিবাহ শুধু ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আমরা এ অভিশাপ থেকে মুক্ত হতে চাই। তিনি বলেন, স্কুলের
শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের, সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে পত্র-পক্রিকায়, প্রশাসন তার সকল কর্মকান্ডে বাল্য বিবাহ মুক্ত রাখার কথা তুলে ধরতে পারেন। প্রতিটি মেয়েকে মার্শাল আর্ট শেখার প্রতি গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, তাহলে তারা নিজেরাই নিজেদের সুরক্ষায় প্রতিরোধ গড়ে তোলতে পারবে।
সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ বাল্য বিয়ে মুক্ত হবে। আমরা প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন করতে কাজ করছি। ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায় আমরা সম্পন্ন করে ফেলেছি। কাল শনিবার উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করা হবে। তিনি বলেন, বাল্য বিবাহের কুফল সম্পর্কে আমরা সবাইকে বুঝিয়েছি, শুধু একটা শ্রেণীকে আমরা খুব বেশী গুরুত্ব দেইনি। অথচ আমার ঘরের কাছেই রয়েছে সমস্যার সমাধান সেটা আমরা কখনো ভাবিনি। কাজী ব্যতিত এখানে ২৩২ জন মসজিদের ইমাম এবং মন্দিরের পুরোহিত রয়েছেন। এখনো অজপাড়া গাঁয়ে তারাই বিয়ে পড়ান। বাল্য বিয়ে রোধ করতে তারাও অগ্রণী ভূমিকা রাখতে পারেন, যদি আমরা এসব ইমাম ও পুরহিতকে প্রশিক্ষণের ব্যবস্থা করে দিতে পারি।
- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক পদ-ডা. রফিক আউট ডা. রফিকুল ইন
- জেলা পরিষদ নির্বাচন ১৫টি ওয়ার্ডের সীমানা নির্ধারণের কাজ শুরু


