দিরাই ও শাল্লায় আওয়ামী লীগের প্রার্থীতা বাছাই

স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হওয়ার ঘোষণা আসলেও সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত দুইটি আসনে সাধারণ সদস্য পদে দুই আওয়ামী লীগ নেতাকে প্রার্থী মনোনীত করা হয়েছে।
জানা যায়, বুধবার দুপুরে দিরাই-শাল্লার স্থানীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের সংসদ ভবনের কার্যালয়ে তাঁর উপস্থিতিতে দিরাই-শাল্লার উপস্থিত নেতাকর্মীরা দিরাই পৌরসভা, সরমঙ্গল, চরনারচর, রাজানগর, রফিনগর, জগদল ও করিমপুর ইউনিয়ন নিয়ে গঠিত ৮নং ওয়ার্ডে  উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. ছইল মিয়াকে দলের প্রার্থী মনোনীত করা হয়েছে।  শাল্লার ৯ নং ওয়ার্ডে শাল্লা উপজেলার শাল্লা, বাহাড়া, হবিবপুর ও আটগাঁও ইউনিয়ন) ও দিরাই উপজেলার তাড়ল, কুলঞ্জ ও ভাটিপাড়া ইউনিয়ন নিয়ে গঠিত আসনে  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদকে (আল আমিন চৌধুরী) প্রার্থী মনোনীত করা হয়েছে।
এ ব্যাপারে কথা বলতে শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদকে (আল আমিন চৌধুরী) বেশ কয়েক বার ফোন করলেও ফোন ধরেননি তিনি।
তবে স্থানীয়  আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে ৯ নং ওয়ার্ডের প্রার্থী মনোনীত করা এখনও চূড়ান্ত হয়নি। চলতি সপ্তাহে দিরাই এসে শাল্লা ওয়ার্ডের প্রার্থী মনোনীত করবেন এলাকার সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।
দিরাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. ছইল মিয়া দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘বুধবার ঢাকার আমাদের নেতার (সুরঞ্জিত সেন গুপ্ত) সংসদ ভবনের অফিসে উপস্থিত নেতাকর্মীরা আমাকে ৮ নং ওয়ার্ডে সদস্য পদে সমর্থন করেছেন। নেতা উপস্থিত সবাইকে আমার পক্ষে কাজ করার জন্য বলেছেন।’