বিন্দু তালুকদার
সুনামগঞ্জ জেলার তিনটি উপজেলায় উপজেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। দোয়ারাবাজার উপজেলা পরিষদ এলাকা সুরমা নদীর ভাঙ্গনের কবলে পড়ায় এই উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন দ্রুত নতুন করে নির্মাণের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এছাড়া নতুন ও আধুনিক ডিজাইনে সকল সুযোগ-সুবিধা সম্পন্ন উপজেলা পরিষদের নতুন আধুনিক প্রশাসনিক ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে ছাতক ও দিরাই উপজেলায়।
নতুন উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন নির্মাণের জন্য শনিবার সকালে দোয়ারাবাজার উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের উপযুক্ত স্থান পরিদর্শন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব অমিতাভ সরকার। এছাড়াও ওই দিন বিকালে তিনি জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক, স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারদের নিয়ে ছাতক ও দিরাই উপজেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবন নির্মাণের স্থান পরিদর্শন করেন।
দোয়ারাবাজার উপজেলা পরিষদ এলাকা সুরমা নদীর ভাঙ্গনের কবলে পড়ায় পুরাতন ভবনের উত্তরদিকে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করছেন সংশ্লিষ্ট বিভাগ। বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীকও উত্তর দিকে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।
তবে ছাতক ও দিরাইয়ে উপজেলা পরিষদ এলাকার ভেতরেই তিন তলা বিশিষ্ট নতুন প্রশাসনিক ভবন নির্মাণ করা হবে। নতুন ভবনে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত রাখার জন্য বৃহৎ সৌর বিদ্যুৎ (সোলার প্যানেল) ব্যবস্থা রাখা হবে। জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব অমিতাভ সরকার ওই তিন উপজেলায় নতুন প্রশাসনিক ভবন নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়ে রিপোর্ট প্রদানের পর পরই মন্ত্রণালয় থেকে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হবে।
ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেন,‘ উপজেলা পরিষদ স্থানীয় সরকার বিভাগের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান কিন্তু অবকাঠামোর চরম সংকট রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলাম নতুন আধুনিক ভবন নির্মাণের জন্য। অবশেষে স্থানীয় সরকার মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। আমরা দাবি জানাই দ্রুত যেন এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়। ’
দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক বলেন,‘ গত প্রায় এক দশক ধরে আমাদের উপজেলা পরিষদ ভবন এলাকা সুরমা নদীর ভয়াবহ ভাঙ্গনের কবলে পড়েছে। আমরা প্রধানমন্ত্রী, পানি সম্পদমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর কাছে বার বার দাবি জানিয়ে আসছি দ্রুত ভাঙ্গন রোধ করতে না হয় নতুন উপজেলা পরিষদ ভবন নির্মাণ করতে। আমাদের এলাকার মাননীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক মহোদয়ও বিষয়টি নিয়ে জাতীয় সংসদে কথা বলেছেন। দীর্ঘদিন পর হলেও মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব নতুন ভবন নির্মাণের এলাকা পরিদর্শন করে গেছেন। আমরা সবাই জোরালোভাবে দাবি জানিয়েছি দ্রুত নতুন ভবন নির্মাণের। যুগ্ম সচিব মহোদয় আশ্বস্ত করেছেন আমাদের উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনটি দ্রুত নির্মাণ করা হবে। বর্তমান ভবনের উত্তর দিকের জায়গাটুকু তিনি পছন্দ করেছেন। ’
জেলা স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামান বলেন,‘ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সুনামগঞ্জের দিরাই, ছাতক ও দোয়ারাবাজারে উপজেলা পরিষদের জন্য নতুন প্রশাসনিক ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। যুগ্ম সচিব মহোদয় গত শনিবার তিনটি উপজেলার পরিষদ এলাকা সরেজমিনে পরিদর্শন করে গেছেন। দোয়ারাবাজারে পুরাতন ভবনের সামনে অথবা পেছনে নতুন প্রশাসনিক ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। ছাতক ও দিরাইয়ে বর্তমান উপজেলা পরিষদ এলাকার ভেতরেই নতুন ভবন নির্মাণ করা হবে। ’


