দিরাই-শাল্লাবাসীর সঙ্গে কাজ করবো আজীবন-জয়া সেন

দিরাই প্রতিনিধি
মনোনয়ন জমা দিয়ে প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের আনোয়ারপুরের বাসভবনে (দিরাই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়) অপেক্ষামান সহ¯্রাধিক নেতা কর্মীর উদ্দেশ্যে ড. জয়া সেন গুপ্ত বলেন,‘আপনারা ৫০ বছরেরও বেশি সময় ধরে সুরঞ্জিত সেন গুপ্তকে ভালবাসা দিয়েছেন। আপনাদের ভালবাসায় তিনি জাতীয় নেতা হয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তকে সম্মান করে আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন, আমি আমার সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে তাঁর বিশ্বাস রক্ষা করবো।’
তিনি বলেন,‘এতো জন সমর্থন, এতো ভালোবাসায় আমি মুগ্ধ। শুধু ধন্যবাদ দিয়ে দিরাই-শাল্লার মানুষকে ছোট করবো না। আমি চেষ্টা করবো দিরাই-শাল্লা বাসীর জন্য অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষাসহ সবধরণের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে। আমি মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, শিক্ষিত ও দক্ষ সমাজ গঠনের জন্য কাজ করবো। আমি নিজেও ব্র্যাক শিক্ষা কর্মসূচীর মহাব্যস্থাপক ছিলাম। কিভাবে শিক্ষিত ও দক্ষ সমাজ গঠন করতে হয়, তা আমি জানি।’
তিনি বলেন,‘আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতা ও সাহসিকতায় বাংলাদেশ সফল এবং উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।’
তিনি বলেন,‘সুরঞ্জিত সেন গুপ্তের প্রতি আপনাদের ভালবাসা তাঁর স্ত্রী হিসাবে আসার পর থেকে দেখে আসছি। তাঁর মৃত্যুর পর প্রতিটি কর্মসূচীতে হাজারো মানুষের উপস্থিতির জন্য আমরা কৃতজ্ঞ।’
বুধবারের শোকসভায় এবং আজ বৃহস্পতিবার আপনারা যারা এসেছেন তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। যারা ব্যস্ততার জন্য শোকসভাসহ অন্যান্য কর্মসূচীতে আসতে পারেননি. তাদেরকেও ধন্যবাদ। দোয়া করবেন দিরাই-শাল্লা’র মানুষের জন্য যেন ভাল কিছু করতে পারি।
তিনি বলেন,‘ভালবেসেছি, ভালোবেসেছিলাম, ভালোবাসবো দিরাই-শাল্লার মানুষকেই আজীবন’।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- মুহিবুর রহমান মানিক এমপি, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান এমপি, সুরঞ্জিত সেন গুপ্তের ছেলে সৌমেন সেন গুপ্ত। সভার শেষ পর্যায়ে অ্যাড.শামছুন নাহার বেগম শাহানা এমপিও উপস্থিত হন।
মনোনয়ন প্রদানের আগে সকাল ১০ টায় পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুলের বাসভবনে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
মহিবুর রহমান মানিক এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামছুল হক টুকু এমপি, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান এমপি, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, পৌর আওয়ামীলীগ সভাপতি আজিজুর রহমান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক  পৌর মেয়র মোশাররফ মিয়া, শাল্লা উপজেলা পলিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রান্টু লাল দাস প্রমুখ।