দিরাই-শাল্লার ৬ ইউনিয়নে আ.লীগের প্রার্থী বাছাই

স্টাফ রিপোর্টার
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দিরাই-শাল্লা উপজেলার মোট ১৩টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাই করা হয়েছে। শুক্রবার বিকালে দিরাইয়ের ৯টির ইউনিয়নের ৩টি ইউনিয়নে ও শাল্লায় ৪ টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নে দলীয় প্রার্থী বাছাই করা হয়।
দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নে দলীয় প্রার্থী বাছাই করা হয়েছে ইউনিয়ন   
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান কাজীকে, চরনারচরে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পরিতোষ রায় ও রাজানগর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য সৌম্য চৌধুরীকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে বাছাই করা হয়। উপজেলার অন্য ৬টি ইউনিয়নে আজ শনিবার দলীয় প্রার্থী বাছাই করা হবে।
শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নে দলীয় প্রার্থী করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নরেশ চন্দ্র চৌধুরীকে, হবিবপুরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিবেকানন্দ মজুমদার বকুল ও আটগাঁও ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য আবুল কাশেম মিয়াকে। তবে শুক্রবার উপজেলা সদরের শাল্লা ইউনিয়নে কাউকে দলীয় প্রার্থী বাছাই করা হয়নি। আজ শনিবার এ ইউনিয়নের প্রার্থী বাছাই করা হবে।
দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মোশারফ মিয়া বলেন, ‘ওয়ার্ড, ইউনিয়ন ও থানা আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক তিনটি ইউনিয়নে দলীয় প্রার্থী বাছাই করা হয়েছে। অন্য ৬ ইউনিয়নে আজ দলীয় প্রার্থী বাছাই করা হবে।
তিনটি ইউনিয়নে দলীয় প্রার্থী বাছাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিম চন্দ্র দাস।