দিরাই-শাল্লায় আওয়ামী নেতাকর্মীরা ঐক্যবদ্ধ

স্টাফ রিপোর্টার
বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য দিরাই-শাল্লার সাবেক সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তকে হারিয়ে শোকাহত দলীয় নেতাকর্মীসহ জেলাবাসী। প্রিয় নেতাকে হারিয়ে এলাকাবাসী শোকাতুর হলেও উল্টোদিকে দিরাই-শাল্লার প্রভাব বিস্তারের চেষ্টা করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কিছু নেতাকর্মী।
তবে স্থানীয়রা জানিয়েছেন, সুরঞ্জিত সেনগুপ্তের অনুপস্থিতিতে দলীয় নেতাকর্মীরা নিজেদের দ্বন্দ্ব ও মতবিরোধ ভুলে এখন সবাই ঐক্যবদ্ধ হচ্ছেন। সুরঞ্জিত সেনগুপ্তের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন সবাই।
সুরঞ্জিত সেনগুপ্তের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে উপ নির্বাচনে           
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ও স্থানীয় দুই উপজেলা প্রশাসনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে কিছু লোক। তবে সুরঞ্জিত ভক্ত, দলীয় নেতাকর্মী ও সমর্থনকারীরা চাইছেন সুরঞ্জিত সেনগুপ্তের উত্তরাধিকারী হিসাবে তাঁর স্ত্রী ড. জয়া সেনগুপ্ত বা ছেলে সৌমেন সেনগুপ্ত রাজনীতিতে হাল ধরবেন। এই লক্ষ্যে দিরাই-শাল্লায় আওয়ামী অঙ্গ সংগঠনের নেতকর্মীদের ঐক্যবদ্ধ ও সমন্বয়ের কাজ শুরু হয়েছে। দলীয় রাজনীতির বাইরে সাধারণ মানুষ দলমতের উর্ধ্বে উঠে সুরঞ্জিত সেনগুপ্তের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছেন।  
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, দিরাই উপজেলায় দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ ও সমন্বয় করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সর্দার, সহ সভাপতি সিরাজ উদ দৌলা ও অ্যাড. সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদারসহ আরো অনেকেই। অপরদিকে শাল্লা উপজেলায় দলের নেতাকর্মীদের সাথে সমন্বয় ও সুরঞ্জিত সেনগুপ্তের পরিবার থেকে উত্তরাধিকারী বের করতে মাঠে কাজ করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিম চন্দ্র দাস, সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নরেশ চন্দ্র চৌধুরী ও সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী।
শাল্লা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নরেশ চন্দ্র চৌধুরী বলেন,‘ শাল্লায় আওয়ামী লীগের সকল নেতাকর্মী সব সময়ই ঐক্যবদ্ধ ছিলেন, এখন ঐক্যবদ্ধই আছেন। সেনবাবুর মৃত্যুতে আমরা শোকাহত। আমরা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সবার সাথে যোগাযোগ রাখছি। দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও সেনবাবুর প্রতি শ্রদ্ধাশীল।’
দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সর্দার বলেন,‘আমরা সবাই মিলে যতটুকু সম্ভব চেষ্টা করছি আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সাথে সমন্বয় ও যোগাযোগ রাখার জন্য। দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছেন। ’