পি সি দাশ, শাল্লা
শাল্লায় ৩০ শে মার্চ সংসদ উপ-নির্বাচনে ডিউটি করে আনসার-ভিডিপি’র সদস্যরা এখনো সম্মানীর টাকা পাননি। রবিবার তাদের করুণ দৃশ্য উপজেলা আনসার অফিসের সামনে লক্ষ্য করা যায়। সকাল ৮টা থেকে সন্ধা ৭ টা পর্যন্ত রোদে দাঁড়িয়ে থেকেও সম্মানির টাকা অনেকেই পাননি । আর এই ঘটনার জন্য উপস্থিত আনসারদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
তাদের অনেকেই নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমাদের কাছ থেকে ৩০ শে মার্চ সংসদ উপ-নির্বাচনের ডিউটিতে নাম অন্তর্ভূক্ত করার জন্য আনসার অফিসার তার মনোনিত কয়েক জনের মাধ্যমে ৩০০ থেকে ৫০০ শত করে টাকা ঘুষ নিয়েছে । আজ ৩ মাস পর (রবিবার) আমাদের ডিউটির ৪ দিনের সম্মানি ভাতা দেওয়ার কথা বলে সকাল থেকে সন্ধা পর্যন্ত দাঁড় করিয়ে রেখেছে । কখন আমাদের ভাতার টাকা দেওয়া হবে অফিসের কেউ সঠিক বলছে না ।
তারা বলেন, আমরা মোট ৫০৪ জন আনসার নির্বাচনে ডিউটি করেছি। এদের মধ্যে পিসি ৩৬ জন, এপিসি ২১৬ জন এবং সাধারণ আনসার ২১৬ জন।
পিসি আনসার সদস্যদের ৪ দিনে মোট ১৪ শত টাকা, এপিসি ১২ শত ৮০ টাকা ও সাধারণ আনসারদের ১২ শত টাকা পাওয়ার কথা। কিন্তু অফিসের লোকজন বলছে টাকা দেওয়ার সময় কিছু কম নিতে হবে। টাকা কেন কম নেব অনেকেই এই প্রতিবাদ করলে অফিসের লোকজন বলছে তা না হলে আগামীতে আর তোমাদের ডিউটি দেওয়া হবে না। এই কথা শুনার পর ভয়ে তারা অনেকেই মুখ খুলেনি।
এসময় পাশে দাঁড়ানো স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বিশ্বজিত চৌধুরী নান্টু বলেন, আনসার অফিসে এই কান্ড সবসময় হচ্ছে। ৩ মাস আগের ডিউটির টাকা নিতে এসে একি বিড়ম্বনা।
উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুস সাত্তার বলেন আনসার অফিসটা দুর্নীতির আখড়া । আনসার অফিসার গরীব মানুষের নিকট থেকে টাকা নিয়ে তাদের ডিউটি দেয় এবং ভাতার টাকাও কম দেয় ।
এনিয়ে আনসার অফিসার সাজ্জাদ হোসেনের ফোনে বার বার কল করা হলেও তিনি ফোন ধরেননি ।


