সুব্রত কুমার দাস খোকন, শাল্লা
দিরাই শাল্লা সড়কের দাবিতে গণস্বাক্ষরসহ প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন শাল্লাবাসী। মঙ্গলবার বেলা ১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মোক্তাদির হোসেনের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে ২৫ মে দিরাই শাল্লা সড়কের দাবিতে উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচী পালন করেন আন্দোলনকারীরা। মানববন্ধন থেকে সাতদিন ব্যাপি গণস্বাক্ষর কর্মসুচির ঘোষণা দেয়া হয়েছিল। এরই ধারবাহিকতায় মঙ্গলবার এই স্মারকলিপি দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা জাতীয় পার্টির সভাপতি দুলদুল চৌধুরী, সাংবাদিক বাদল দাস, বকুল আহমেদ তালুকদার, শিক্ষক সুব্রত কুমার দাস খোকন, ছাত্রলীগ নেতা লিংকন রায়, সাংবাদিক শান্ত কুমার তালুকদার, দিলোয়ার হোসেন, জেসি বিশ্বাস প্রমুখ।
আন্দোলনকারী বাদল চন্দ্র দাস বলেন, দীর্ঘদিনের স্বপ্ন আমাদের দিরাই শাল্লা সড়ক। স্বাধীনতার পর থেকেই এই উপজেলাটি অবহেলিত। যোগাযোগের কোনো ব্যবস্থা না থাকায় বিভিন্ন সময়ে বিপদের সম্মুখীন হতে হচ্ছে। ২০১১ সালে দিরাই শাল্লা সড়কের কাজ শুরু হলেও ঠিকাদারের গাফিলতি ও দুর্নীতির কারনে ২০১৭ সালে জুন মাসে এসে সড়কের কাজ বন্ধ হয়ে যায়। এরপর আমলাতান্ত্রিক জটিলতার কারণে বারবার মন্ত্রণালয় থেকে প্রস্তাবনা ফেরত আসছে। শাল্লাবাসীর দাবি দ্রুত সড়কের কাজ সম্পন্ন করা হোক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মোক্তাদির হোসেন বলেন, দিরাই শাল্লা সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে আন্দোলনকারীরা স্বারকলিপি দিয়েছেন শাল্লাবাসীর পক্ষ থেকে। এই স্মারকলিপি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।


