দিরাই-শাল্লা সড়ক, মন্ত্রণালয় থেকে ৩ বার প্রকল্প প্রস্তাবনা ফেরত গিয়েছে

স্টাফ রিপোর্টার
দিরাই-শাল্লা আঞ্চলিক মহাসড়কটি নিঃসন্দেহে আমাদের এলাকার দুই উপজেলার যোগাযোগের অন্যতম সড়ক। এটি শুধু অত্র এলাকায় নয়, এ সড়কটি বাস্তবায়িত নেত্রকোনার খালিয়াজুড়ি, হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও কিশোরগঞ্জের ইটনা উপজেলাকেও সংযুক্ত করবে।
মঙ্গলবার বিকালে এক ফেসবুক স্ট্যাটাসে এসব কথা বলেন দিরাই শাল্লা আসনের সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা।
তিনি বলেন, দিরাই-শাল্লা সড়ক প্রসঙ্গ নিয়ে আপনাদের জানার আগ্রহের কারণে আজ (মঙ্গলবার) এ সড়কটির প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বর্ণনা করলাম। আমার পূর্বে আমার স্বামী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত’র সময়ে ৩ বার ডিপিপি অনুমোদন হওয়া স্বত্বেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে ঠিকাদার ইচ্ছাকৃতভাবে কাজটি সময়ান্তে অসমাপ্ত রাখে। ফলে প্রকল্পের যেমন একদিকে মেয়াদ শেষ হয়ে যায়, অন্যদিকে প্রতি বর্ষায় অসমাপ্ত কাজটির অনেকাংশেই ভাঙন দেয়।
তিনি বলেন, আমি আপনাদের আর্শিবাদে উপনির্বাচনে জয়ী হয়ে উল্লিখিত সড়কটিই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এখনো চেষ্টা করে যাচ্ছি। সড়কটি ব্যবহার অনুপযোগী হওয়ায় সবারই ক্ষোভ ও কষ্ট আছে। তবে আমি বারবার এ সড়কটির জন্য সড়ক ও সেতু মন্ত্রণালয়ে দারস্থ হচ্ছি, যোগাযোগ করছি। কিন্তু প্রশাসনিক ও আমলাতান্ত্রিক কিছু জটিলতা ও ভুলের কারণে এ পর্যন্ত ৩ বার প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয় থেকে জেলা অফিস ও বিভাগীয় অফিসে ফেরত গিয়েছে। সম্প্রতিও প্রকল্পে ভূমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দের প্রস্তাবনা রাখায় তা মন্ত্রণালয় নাকচ করে পুন প্রস্তাবনা দাখিল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেয়। এতকিছুর পরেও আমি আপনাদের হয়ে সড়কটির জন্য চেষ্টা করছি ও করবো।