দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুহিবুর রহমান মানিককে নিয়ে দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিমের একটি বক্তব্যের প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক।
সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুল হালিম বীরপ্রতীক, উপজেলা যুবলীগের আহবায়ক, বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম আহমেদ চৌধুরী রানা, দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুরউদ্দিন, বোগলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভা চলাকালে সভায় এসে উপস্থিত হন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম। এসময় তিনি তার বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। এমপি মানিকের নেতৃত্বে দোয়ারাবাজার উপজেলার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলে বিষয়টি নিষ্পত্তি হয়।
উল্লেখ্য গত ১২ অক্টোবর সোমবার দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলায় এলজিএসপির ব্যাগ ও বয়স্ক ভাতা বিতরণ অনুষ্ঠানে দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুর রহিম বক্তব্যে এমপি মানিককে বিনা ভোটের এমপি এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের শাসনামলকে প্রকৃত গণতান্ত্রিক শাসনামল বলে আখ্যায়িত করেন।


