দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জে উপজেলা আ’লীগের কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের উপস্থিতিতে ৮ বছরের উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় কথা কাটাকাটি, উত্তপ্ত বাক্যবিনিময় ও ধাক্কাধাক্কির      ঘটনা ঘটেছে। জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সদস্য প্রার্থী মিছবাহ্ উদ্দিন এবং অপর সদস্য প্রার্থী মুকিত চৌধুরী’র সমর্থকদের মধ্যে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। ঘটনার পর বিকালে মিছবাহ্ উদ্দিন উচ্চরক্তচাপে আক্রান্ত হলে প্রথমে তাকে জামালগঞ্জ হাসপাতালে এবং পরে সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার বেলা ১ টায় জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ৮ বছরের উন্নয়ন শীর্ষক সভা শুরু হয়। এসময় ৪ ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, সদস্যা ও দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
সভায় বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার বক্তব্য দেবার সময় এক পর্যায়ে ‘আমরা চেয়ারম্যান-মেম্বাররা চোর’ বলায় সদস্য প্রার্থী মিছবাহ উদ্দিন অসীমকে উদ্দেশ্য করে বলেন আপনি ঢালাও ভাবে সবাইকে চোর বলতে পারেন না,  ভালো চেয়ারম্যান মেম্বার ও রয়েছেন। এসময় অপর সদস্য প্রার্থী আবদুল মুকিত চৌধুরী ও তার মামা যুবলীগ নেতা আবুল আজাদ এবং তাদের লোকজন সাবেক ভাইস চেয়াম্যানের ওপর চড়াও হয়। এসময় কথা কাটাকাটি ও ঠেলাধাক্কার ঘটনাও ঘটে।
ঘটনার পর মিছবাহ্ উদ্দিন সভা থেকে বের হয়ে চলে যান। বিকালে উচ্চ রক্তচাপজনিত রোগে আক্রান্ত হলে তাকে প্রথমে জামালগঞ্জ এবং পরে সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘বেহেলী ইউপি চেয়ারম্যান ঢালাওভাবে ‘আমরা চোর’ বলে বক্তব্য দেওয়ায় মিছবাহ্ উদ্দিন প্রতিবাদ করেছেন। আমি এবং এমপি সাব (মোয়াজ্জেম হোসেন রতন)ও প্রতিবাদ করি। পরে যুবলীগের আজাদ ও আবুল খায়ের মিছবাহ্ উদ্দিনের সঙ্গে কথা কাটাকাটি করে। এক পর্যায়ে মিছবাহ্ বেরিয়ে যান। আমরা অনুরোধ করার পরও তিনি বসেননি। বিকালে মিছবাহ্ অসুস্থ হয়েছেন শুনেছি’।
এ ব্যাপারে জানতে মিছবাহ্ উদ্দিনের মুঠোফোনে কল করলে তাঁর ভাগ্নে রুবেল আহমদ রিসিভ করে বলেন, ‘জামালগঞ্জ আওয়ামী লীগ অফিসে গন্ডগোলের ঘটনার পর মামার (মিছবাহ্) ‘প্রেসার’ বেড়ে যায়। তাকে প্রথমে জামালগঞ্জ পরে সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজে ভর্তি করা হয়।’
সদস্য প্রার্থী আবদুল মুকিত চৌধুরীর মুঠোফোনে বক্তব্য জানার চেষ্টা করা হলে- তিনি মুঠোফোনের কল রিসিভ করেননি। পরবর্তীতে মুকিত চৌধুরীর মামা যুবলীগ নেতা আবুল আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘না আমরা সাবেক ভাইস চেয়ারম্যানকে লাঞ্চিত করিনি, তিনি আপক্তিকর কথা বলায় এটা অসীম চেয়ারম্যানের ইউপি সদস্যরাই মিছবাহকে লাঞ্ছিত করেন।’
এ ব্যাপারে মোয়াজ্জেম হোসেন রতন এমপি বলেন -‘জামালগঞ্জে কিছু হয়নি, সাবেক ভাইস চেয়ারম্যানের পেটে গ্যাসের সমস্যা হয়েছিলো, তিনি ষ্ট্রোক করেননি বা অন্য কোন ধরণের ঘটনাই ঘটেনি।’