দুর্গতদের পাশে বিভিন্ন সংগঠন

সু.খবর রিপোর্ট
ময়মনসিংহ জেলার মায়ের মমতা কল্যায়ন সংস্থা সদর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে পুনর্বাসনের জন্য অর্থ সহায়তা দিয়েছে। এসময় উপস্থিত শতাধিক পরিবারকে নগদ দুই হাজার টাকা করে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইয়াসমিন নাহার রুমা, সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, মায়ের মমতা কল্যাণ সংস্থার সভাপতি অধ্যাপক ফজলুল হক, সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ।
এসময় সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসমিন নাহার রুমা বলেন, এবার সুনামগঞ্জ ভয়াবহ বন্যার কবলে পড়েছে। সরকারের ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। এর পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সহায়তা নিয়ে এগিয়ে এসেছে। এটা খুবই প্রশংসনীয়।
কোটালীপাড়ার জ্ঞানের আলো পাঠাগার
তাহিরপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জ্ঞানের আলো পাঠাগার নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গত বুধ ও বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার স্বেচ্ছাসেবী এই প্রতিষ্ঠানের সদস্যরা ট্রলারযোগে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। পাশাপাশি কয়েকটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্পিং এর মাধ্যমে ৩ শতাধিক ব্যক্তিকে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করে সংগঠনটি। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবন, মুড়ি ও সাবান। এক সপ্তাহব্যাপী এ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যাদুর্গতদের মাঝে সংগঠনটির উদ্যোগে খাদ্য ও পোষাক সামগ্রী এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সংগঠনটির সদস্যরা। গত বুধবার সকালে তাহিরপুর উপজেলা পরিষদ চত্তরে ত্রাণ ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,সহকারী কমিশনার মাহবুবুল আলম, জ্ঞানের আলো পাঠাগারের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ, সিনিয়র সদস্য দিদার খান প্রমুখ।
জ্ঞানের আলো পাঠাগারের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ বলেন, সুনামগঞ্জ জেলায় স্মরণকালের বন্যা দেখে আমরা কোটালীপড়া উপজেলাবাসীর কাছে সহায়তা চাই বন্যায় ক্ষতিগ্রস্তদের কিছু উপহার দিয়ে একটু সহায়তার জন্য। এই আহবানে সাড়া দিয়ে কোটালীপাড়া উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিছু আর্থিক অনুদান করেছেন। আর এইসব আর্থিক অনুদান দিয়ে এই উপজেলার বন্যা কবলিতদের মাঝে সহায়তা করা হচ্ছে।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ইকরামপুর গ্রামের পক্ষাঘাতগ্রস্থ রঞ্জন সরকার খাদ্য ও ওষুধ সামগ্রী পেয়ে বলেন, আজ অনেক আনন্দ লাগছে। বন্যার কারণে কোন কাজকর্ম নেই পরিবারের সবাই বেকার হয়ে পড়েছেন। জ্ঞানের আলো পাঠাগারের ত্রাণ পাইয়ে ভালা লাগছে।

ছাতকে গিয়াস মিয়া ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প
ছাতকে বন্যার্ত মানুষদের স্বাস্থ্যসেবা দিতে গিয়াস মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামে মরহুম গিয়াস মিয়ার বাসভবন এবং তার মালিকানাধিম সুরমা কমিউনিটি সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ফাউন্ডেশনের চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া। মেডিকেল ক্যাম্পে হায়দরপুর গ্রাম সহ আশপাশের বিভিন্ন গ্রামের ২ সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। ৬ জন অভিজ্ঞ ডাক্তার দ্বারা পরীক্ষা-নিরীক্ষা শেষে রোগীদের ব্যবস্থাপত্র সহ বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় মেডিক্যাল ক্যাম্পে। সকাল ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২ শহস্রাধিক নারী, পুরুষ ও শিশু এ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা গ্রহন করেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাবেক মুক্তযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া সহ মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন মরহুম গিয়াস মিয়ার স্বজন ও ফান্ডশনের নেতৃবৃন্দ। অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডাঃ মিজানুর রহমান রিজভী, ডাঃ সাদ্দাম হোসাইন খান, ডাঃ সালেহ আহমদ দিপু, ডাঃ রাহুল গুপ্ত, মারশেখ আহমেদ রাহাত ও ডাঃ আহমেদুল কবির সায়েম। ক্যাম্পে আসা রোগীদের সার্বিক সহযোগিতা করেন মন্ডলপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি এমদাদ হুসেন, মরহুম গিয়াস মিয়ার অনুজ সৈয়দুী রহমান হাম্দু, স্বেচ্ছাসেবক মেহেরাব মিয়া, রুবেল মিয়া, জিহান, সুহেল মিয়া, ইব্রাহিম খলিল রিহান, সুজাত আহমদ, সৈয়দ ছামি, মোহাম্মদ আলী, সহিদুর রহমান, এলাখ মিয়া, শাহীন আহমদ, মিজানুর রহমান, তারিফ মিয়া, ছামির আলী প্রমূখ।

বন্যার্তদের পাশে দাঁড়ালেন পাগলা হাইস্কুলের সাবেক শিক্ষার্থীরা
খাদ্য সহায়তা প্রদানের মাধ্যমে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের ২০১৪ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। শনিবার বিকালে শান্তিগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে নিজেদের এবং বন্ধুদের আর্থিক সহায়তায় ১শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, আলু, পিঁয়াজ, ডাল, লবন ও তেল।
এসময় উপস্থিত ছিলেন- সাহাব উদ্দিন, মাহবুবুর রহমান, শুভ হাসান, জনি হুসাইন, পাপন দাস, অমিত দাস ও অঞ্জন পাল।
তারা জানান, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়িয়েছি। সমাজে আমাদের চেয়ে বেশি বিত্তশালীরা বিরাজমান। তাদেরকেও এগিয়ে আসতে হবে। এটি একটি সম্মিলিত প্রাকৃতিক দুর্যোগ। এ দুর্যোগ সকলে মিলেই মোকাবিলা করতে হবে।