দুর্গত ঘোষণার দাবিতে সংস্কৃতি কর্মীদের মানববন্ধন-সমাবেশ

স্টাফ রিপোর্টার
‘ভরা ফসল মাঠে যদি মৃত্যু হয় তবু দুঃখ নাই’ এমন শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ জেলাকে দুর্গত ঘোষণার দাবি ও হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের সঙ্গে জড়িত দুর্নীতিবাজ ঠিকাদার ও পিআইসিদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সুনামগঞ্জের সংস্কৃতি কর্মীরা। বুধবার দুপুরে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে (ট্রাফিক পয়েন্টে) এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উদীচী শিল্পী গোষ্ঠী, সুনামগঞ্জ প্রসেনিয়াম, বন্ধন থিয়েটার, সুনামগঞ্জ থিয়েটার, থিয়েটার সুনামগঞ্জ, কালচারাল ফোরাম,          
গীতিকার ফোরাম, স্পন্দন শিল্পীগোষ্ঠী, একতা বাউল সংঘ, স্বপ্নাদর্শ, রংধনু, আহ্বান, সুনামগঞ্জ জেলা বাউল কল্যাণ সমিতি, ধানেশ্রী সংগীত গোষ্ঠী, শতদল শিল্পীগোষ্ঠী, ছাত্রইউনিয়ন ও লোকদল শিল্পীগোষ্ঠীর সংস্কৃতিকর্মীরা এসে জড়ো হন।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীনের সভাপতিত্বে ও জেলা উদীচী’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- জেলা উদীচী’র সভাপতি শীলা রায়, হাওর বাঁচাও- সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, খেলাঘর আসরের জেলা সভাপতি বিজন সেন রায়, সাংবাদিক পঙ্কজ দে, সাংস্কৃতিক সংগঠক  বাউল শাহ্জাহান, অরুণ চক্রবর্তী, মানিক মোহন চন্দ, বিধান চন্দ্র বণিক, দেওয়ান গিয়াস চৌধুরী, আবিদ খান হৃদয়, সামির পল্লব প্রমুখ।
বক্তারা- সকল কৃষকদের বিশেষ সহায়তা প্রদান, কৃষি ঋণ মওকুফ, নতুন করে কৃষি ঋণ প্রদান, দুর্নীতিবাজ পাউবো কর্মকর্তা, ঠিকাদার ও পিআইসি’র শাস্তি দাবি এবং সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবি করা হয়।
পরে এসব দাবি উল্লেখ করে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন সংস্কৃতি কর্মীরা।