‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
জেলা প্রশাসন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর আয়োজনে এরপর মানববন্ধন ও দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।
মানববন্ধনে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক আগেই বলেছেন, দুর্নীতি আমার কৃষক আমার শ্রমিক করে না, খেতমজুর করে না। দুর্নীতি করে যারা সেবা প্রদান করে, যারা শিক্ষিত সমাজ তারা। তারই যোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন ২০২১, এসডিজি-২০৩০ ও উন্নত বাংলাদেশের ভিশন ২০৪১ অর্জনে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন এবং আমাদের প্রতি নির্দেশনা প্রদান করেছেন। আর এটি বাস্তবায়নে প্রয়োজন আমাদের সদিচ্ছা। আমরা যারা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত তারা সাংবিধানিকভাবে প্রজাতন্ত্রের জনগণের কাছে সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
মাননীয় প্রধানমন্ত্রীর ‘জনগণের দোড়গোড়ায় কাঙ্খিত সেবা স্বল্পতম সময়ে বিনা অথবা নির্ধারিত মূল্যে পৌঁছে দেওয়া’র নির্দেশনাকে উল্লেখ করে তিনি বলেন, যদি এটি আমরা মনে রাখি তবে আমাদের কারও আর দুর্নীতি করার সুযোগ থাকবে না। শুধুমাত্র আর্থিক বিষয়ে নয়, বরং সেবার জন্য প্রক্রিয়াকে দীর্ঘায়িত করা, নিয়মের বেড়াজালে হয়রানি সৃষ্টি, ভুল ব্যাখ্যা প্রদান, আবেদন আমলে না নিয়ে দিনের পর দিন ফেলে রাখা, উন্নয়ন কর্মকা- ও দাপ্তরিক কাজে অবহেলাও দুর্নীতির অন্তর্ভূক্ত। আজকে আমরা এখানে যারা দপ্তর প্রধান উপস্থিত হয়েছি, আসুন শপথ নেই যে, জনসেবক হয়ে সেবাগ্রহীতাদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করবো। তাহলেই এ দিবস উদযাপন সফল হবে এবং আমরা দুর্নীতিমুক্ত সোনার বাংলা পাবো।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সচেতন নাগরিক কমিটির সহ সভাপতি খলিল রহমান’র সঞ্চালনায় মানববন্ধনে দুদকের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দীন বলেন, বাংলাদেশের যেসকল সেক্টরে দুর্নীতি বিদ্যমান রয়েছে, দুদক ও দুপ্রক চেষ্টা করছে জনগণকে সচেতন করে সেটিকে কঠোরভাবে প্রতিহত করার। তিনি কোন সরকারি অফিসে দুর্নীতি হচ্ছে জানলে ১০৬ নম্বরে কল দিয়ে তা অবগত করারও আহ্বান জানান।
অতিরিক্ত পুলিশ সুপার মো: জয়নাল আবেদীন উল্লেখ বলেন, আজকের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের লক্ষ্য হলো আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই। আর এজন্য তিনি উপস্থিত সকলকে দুর্নীতি না করা এবং অন্যকে দুর্নীতি করতে না দেওয়ার শপথ নেবার আহ্বান করেন।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুল রব চৌধুরী বলেন, আমরা যদি আমাদের বিবেকের কাছে স্বচ্ছ কাজটি করি তাহলেই আমরা পরিবর্তন হয়ে যেতে পারি ও স্বচ্ছ, জবাবদিহিতাপূর্ণ এবং আমাদের সেবাগ্রহীতাদের সেবা নিশ্চিত করার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো। তাই সকলকে আমি বলতে চাই আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা দুর্নীতি করবো না। তাহলে আর আমাদের দুর্নীতি থামাতে হবে না। দুর্নীতি প্রতিরোধে সুশীল সমাজের ভুমিকা অনেক গুরুত্বপূর্ণ।
মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সনাক সভাপতি অ্যাডভোকটে আ্ইনুল ইসলাম বাবলু। অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি, সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম, মহিলা বিষয়ক অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, এলজিইডি, ব্র্যাক, কেয়ার বাংলাদেশ, পদক্ষেপ মানবিক উন্নয়ন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পানি উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুৎ সমিতি, যুব উন্নয়ন অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, টিআইবি’র কর্মকর্তা ও কর্মচারী, সচেতন নাগরিক কমিটি’র সদস্যবৃন্দ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সদস্যবৃন্দ, স্বজন সদস্যবৃন্দ, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ।
উল্লেখ্য, টিআইবি ২০০৪ সাল থেকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্যাপন করছে এবং ২০১৩ সাল থেকে দিবসটি সরকারিভাবে পালন ও স্বীকৃতির দাবি জানিয়ে আসছিলো। যার ধারাবাহিকতায় বাংলাদেশ ২০১৭ সাল থেকে সরকারিভাবে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্যাপন করছে। দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বিষয়টি আন্তর্জাতিক, রাষ্ট্রীয়, সরকারি ও সংশ্লিষ্ট দেশের সকল নাগরিকসহ সকল অংশীজনেরÑ এই মর্মে প্রচারণা ও অধিপরামর্শমূলক কার্যক্রম পালন করা এই দিবসটি উদ্যাপনের মূল লক্ষ্য।
প্রেস বিজ্ঞপ্তি


