ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার বাংলাদেশ (টিআইবি)’র ৫ বছর মেয়াদী (জানুয়ারি ২০২২-ডিসেম্বর ২০২৬) পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেনইস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) প্রকল্প বাস্তবায়নে অধিকতর সম্পৃক্ততা এবং সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সনাক আয়োজিত প্রকল্প পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন বলেন, লাভ-লালসা ও দুর্নীতির বিস্তার রোধ করতে মানসিক দৃষ্টি ভঙ্গির পরিবর্তন করতে সুষ্ঠু সাংস্কৃতিক বিপ্লব ঘটানো আবশ্যক। সচেতন মানুষ হিসেবে একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সনাক-টিআইবি কাজ করে যাচ্ছে। এ উদ্দেশ্যে টিআইবি’র প্যাকটা প্রকল্প বাস্তবায়নে প্রশাসন সম্পৃক্ত থেকে সহযোগিতা অব্যাহত রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. আনিসুর রহমান বলেন, স্বচ্ছতা-জবাবদিহিতা আনয়ন এবং শুদ্ধাচার চর্চার মাধ্যমে হাসপাতালের সেবা ব্যবস্থাপনার মানোন্নয়নে সনাক প্রদত্ত সুপারিশ আমলে নিয়ে স্বাস্থ্য বিভাগ ইতিবাচক ভাবে কাজ করা যাচ্ছে।
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার বলেন, দুর্নীতি প্রতিরোধে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সনাক-টিআইবি স্থানীয় পর্যায়ে কাজ করে চলেছে। আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্যাকটা প্রকল্পের আওতায় গৃহিত কর্মসূচি বাস্তবায়নে উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, আব্দুল আহাদ সাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুর রহমান।
সনাক সহ-সভাপতি খলিল রহমান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সদস্য অধ্যাপক পরিমল কান্তি দে। প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন টিআইবির কোর্ডিনেটর মো. নুরুল ইসলাম সবুজ।
সনাক সভাপতি আইনুল ইসলাম বাবলু এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি, দীপংকর বর্মন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রেজাউল ইসলাম, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, পিআইও মো. মানিক মিয়া, টিআইবি’র ক্লাস্টার কোঅর্ডিনেটর মো. আরিফুল ইসলাম, সনাক ও ইয়েস সদস্যবৃন্দ এবং টিআইবি’র কর্মীবৃন্দ।
প্রেসবিজ্ঞপ্তি


