দেখার হাওর পাড়ে ডাকাতির অভিযোগ

স্টাফ রিপোর্টার
গরু বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় ডাকাতির শিকার হয়েছেন দেখার হাওর পাড়ের এক মুদি দোকানি। হাওর পাড়ের নির্জন রাস্তায় একদল ডাকাত অস্ত্র দিয়ে হামলা চালিয়ে প্রায় ২লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও-এর দেখার হাওর পাড়ের       
নলুয়া গ্রামের পাশে এ ঘটনা ঘটে।
ডাকাতির শিকার নলুয়া গ্রামের মৃত আইনুল্লাহর পুত্র মুদি দোকানদার লিলু মিয়া এলাকার চিহ্নিত ৩ ডাকাতকে আসামী করে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রোববার মামলা দায়ের করেছেন। মামলা নং (৫৭)।
তবে দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক বলেন ‘ঐ এলাকায় শনিবার কোন ডাকাতির ঘটনা ঘটেনি। ঘটনাটি রহস্যজনক বলে জানা গেছে।’
মামলার এজহার সূত্রে জানা যায়, লিলু মিয়া তার দোকানের মালামাল বাড়ানোর জন্য গত শনিবার জাউয়াবাজারে নিয়ে ঘরের ৪টি গরু বিক্রি করেন। গরু বিক্রির প্রায় ২লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে গ্রামের পাশে দেখার হাওরের পাড় এলাকার ডাকাত আইয়ূব আলী (৪০), নুরুল (৩৫) ও আব্দুল আলী (৩৮) অস্ত্র নিয়ে তার পথ রোধ করেন। এসময় তার হাতের টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চাইলে তিনি ব্যাগ দিতে অসম্মতি জানালে তার উপর হামলা চালিয়ে ব্যাগ কেড়ে নেয় তারা। তার চিৎকার শুনে আশপাশের মানুষ আসলে ডাকাতদল টাকাসহ ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য হাবীবুর রহমান হাবিব জানান, দেখার হাওরের এই এলাকাটি থানা সদর থেকে দূরে থাকায় এবং যোগাযোগ ও বিদ্যুৎ না থাকায় ঐ ডাকাত দল মানুষের আতংক হয়ে দাঁড়িয়েছে। নিরীহ কৃষকের গরু চুরিসহ তারা বিভিন্ন ভাবে চুরি ডাকাতি করছে।