দেবর-ভাবীর পরিষদ

বিজয় রায়, ছাতক
ছাতকে একই ইউনিয়ন পরিষদে জায়গা করে নিয়েছেন দেবর-ভাবী। পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দেবর এবং ভাবী নির্বাচিত হয়েছেন একই পরিষদের সংরক্ষিত আসনের সদস্য। এ ঘটনায় ইউনিয়নের সাধারণ মানুষ রসিকতা করে দেবর-ভাবীর পরিষদ বলে অভিহিত করছেন।
ঘটনাবহুল জাউয়াবাজার ইউনিয়ন নির্বাচনে ৮জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আ.লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ ৭জনকে পেছনে ফেলে মাত্র ৬২ ভোটের ব্যবধানে আ.লীগের বিদ্রোহী প্রার্থী মুরাদ হোসেন ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৩৫৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (বর্তমান চেয়ারম্যান) নুরুল ইসলাম পেয়েছেন ৩৪৬৮ ভোট। একই ইউনিয়নে সংরক্ষিত ১নং আসনে ২ জনকে পেছনে ফেলে দ্বিতীয় বারের মত মহিলা সদস্য নির্বাচিত হয়েছে মুরাদ হোসেনের বড় ভাইয়ের স্ত্রী সাহেরা বেগম। দেবর-ভাবী চেয়ারম্যান-মেম্বার নির্বাচিত হওয়ায় তাদের গ্রামের বাড়ি বড়কাপনে বইছে অন্যরকম আনন্দের বন্যা। সাহেরা বেগম গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন।