সু.খবর ডেস্ক
সারাদেশে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পাঠ্যপুস্তক উৎসব পালিত হবে আজ। ২০১৮ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যের এ পাঠ্যপুস্তক তুলে দেয়া হবে।
এ বছর বিভিন্ন স্তরের ৪ কোটি ৩৭ লাখ ৬ হাজার ৮৯৫ জন শিক্ষার্থীর মাঝে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২ কপি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে।
শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাসভবন গণভবনে আনুষ্ঠানিক ভাবে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এ পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকাল সাড়ে ১০ টায় আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এ্যান্ড কলেজ মাঠে দেশব্যাপী পাঠ্যপুস্তক উৎসবের কেন্দ্রীয় অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বুক বোর্ডের সদস্য অধ্যাপক মো. মশিউজ্জামান বাসসকে জানান, সারাদেশে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পাঠ্যপুস্তক উৎসব পালনের সকল প্রস্তুতি সম্পর্ণ হয়েছে। ২০১৮ শিক্ষা বর্ষের শুরুতে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ইবতেদায়ি, দাখিল, এসএসসি ভোকেশনাল,কারিগরি ও মাধ্যমিক স্তরের ৪ কোটি ৩৭ লাখ ৬ হাজার ৮৯৫ জন শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে বিতরনের লক্ষ্যে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২ কপি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই করে জেলা উপজেলায় পাঠানো হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী ৯৬৩ জন শিক্ষার্থীর জন্য ব্রেইল পদ্ধতির ৮ হাজার ৪০৫ কপি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে বলেও জানান তিনি।

