দেশের স্বার্থে আ’লীগ হিমালয়ের মতো অবিচল: ওবায়দুল কাদের

সু.খবর ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের স্বার্থে আওয়ামী লীগ হিমালয়ের মতো অবিচল। ভারতের সঙ্গে যে চুক্তিই করা হোক, ততে বাংলাদেশের জাতীয় স্বার্থ আগে দেখা হবে। মঙ্গলবার সকালে রাজধানীর কুড়িলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। আগামী ৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন দিনের সফরে দিল্লী যাওয়ার কথা। সেখানে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হবে। এরমধ্যে প্রতিরক্ষা বিষয়ক একটি চুক্তিও স্বাক্ষর হবে বলে গণমাধ্যমে খবর এসেছে। বিএনপি নেতারা বলে আসছেন, ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হলে দেশের জন্য বিপজ্জনক হবে।
এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, প্রতিরক্ষা হোক, সামরিক হোক, অসামরিক হোক, যে কোনো চুক্তিই হোক, আমার স্বাধীনতা-সার্বভৌমত্ব, আমার জাতীয় স্বার্থ যদি সমুন্নত থাকে, যদি আমি এসব অক্ষুন্ন রেখে চুক্তি করি, অসুবিধা কী? প্রতিরক্ষা যদি জাতীয় স্বার্থে প্রয়োজন হয়- সে চুক্তিও আমি করব। দেশর স্বার্থবিরোধী কোনো চুক্তি আমরা করবো না। দেশের মানুষ বিশ্বাস করে শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ববিরোধী কোনো চুক্তি করবেন না।
ভারতের সঙ্গে তিস্তা চুক্তির ব্যাপারে যতেষ্ট অগ্রগতি হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তিস্তা চুক্তি এখন না হয়ে পরেও হতে পারে। এখন এই চুক্তি সম্পাদন সময়ের ব্যাপার মাত্র।