দেশে অসম উন্নয়ন চলছে

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার ২৩ তম জেলা সম্মেলন শনিবার থেকে শুরু হয়েছে। বিকালে শহরের আলফাত স্কয়ারে দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি লাকী আক্তার। পরে শহরে শোভাযাত্রা বের করেন নেতা-কর্মীরা।
সংগঠনের জেলা শাখার সভাপতি রইসুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শরিফুজ্জামান শরিফ। জেলা কমিটির সাধারণ সম্পাদক তারেক চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, জেলা যুব ইউনিয়নের সভাপতি এনাম আহমেদ, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা শাখার সভাপতি শারমিন জাহান পপি, পিরোজপুর জেলা শাখার সভাপতি খ ম মিরাজ, কেন্দ্রীয়           কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী রীতা, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদা খা, সুনামগঞ্জ জেলা খেলাঘরের সভাপতি বিজন সেন রায়, সুনামগঞ্জ সরকারী কলেজ শাখার সভাপতি দিপাল ভট্টাচার্য, ছাত্রনেতা পুলক তালুকদার প্রমুখ।
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি লাকী আক্তার বলেছেন, ‘স্বাধীনতার পর বৈষম্যহীন শিক্ষানীতি ঘোষণা করেছিল ছাত্র ইউনিয়ন। কিন্তু আজো তা বাস্তবায়ন হয়নি। বণিজ্যিক পণ্যে পরিণত করা হয়েছে শিক্ষাকে। শিক্ষামন্ত্রী বলেন, এবার আমরা শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ বাড়িয়েছি। কিন্তু শিক্ষাক্ষেত্রে ব্যয় তো কমছে না। একদিকে হলি আর্টিসান, ঈদের নামাজে জঙ্গি হামলায় মানুষ মারা যাচ্ছে অন্যদিকে পাঠ্যপুস্তকে মৌলবাদ ঢুকিয়ে কিভাবে শিক্ষার্থীদের জঙ্গি বানানো যায় কৌশলে তার পাঠ দেওয়া হচ্ছে এখন। পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথকে ছেঁটে ফেলা হয়েছে। আমরা এর প্রতিবাদে রাজপথে নামলাম। দায়িত্বে যারা ছিলেন তাদের প্রশ্ন করলাম এর কারণ কি? তারা বললেন, তারা কিছুই জানেন না। উপরের নির্দেশে এসব হয়েছে’। এভাবে অনেক কিছু দেশে ঘটছে যা আমরা জানি না, দায়িত্বে থাকা সেই ব্যক্তিও জানেন না।  
বক্তারা বলেন, ‘দেশে শিক্ষাকে পণ্যে পরিণত করা হয়েছে। শিক্ষার এই বাণিজ্যিকীকরণ রুখে দাঁড়াতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। ভুলেভরা পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে তাদের ভুল শিক্ষা দেওয়া হচ্ছে। পাঠবইয়ে সাম্প্রদায়িকতা ঢুকিয়ে দিয়ে মুক্তিযুদ্ধকে বাদ দেওয়া হচ্ছে। অথচ এ নিয়ে কারো কোনো কথা নেই। ভুলেভরা পাঠ্যবই প্রত্যহার করতে হবে।’
বক্তারা বলেন,‘দেশে অসম উন্নয়ন চলছে। যারা ধনি তারা আরো ধনি হচ্ছে। কিন্তু দেশের হতদরিদ্র মানুষের কোন পরিবর্তন হচ্ছে না। বিএনপি’র শাসনামলে হেন অপকর্ম নেই হাওয়া ভবন থেকে হয়নি। আওয়ামী লীগের শাসনামলে তাই হচ্ছে। আওয়ামী লীগের এমপি কক্সবাজারের বদি দেশে ইয়াবা ঢুকাচ্ছে।’
সরকারী দলের নেতারা সুবিধা নেবার জন্য কথায় কথায় বঙ্গবন্ধুর কথা বলে অথচ. বঙ্গবন্ধু হত্যার পর তাদের খোঁজে পাওয়া যায়নি। রাজপথে প্রতিবাদ জানাতে গিয়ে ছাত্র ইউনিয়নের নেতারা জেল খেটেছে।
সন্ধ্যায় একইস্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আজ রোববার সংগঠনের জেলা কমিটি গঠনের জন্য কাউন্সিল হবে।