দেশে মোট ভোটার ১০ কোটি ৪০ লাখ

সু.খবর ডেস্ক
চলতি বছর হালনাগাদের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ হিসাবে দেশে বর্তমানে ভোটার ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩ জন। আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, গতবছরের ৩১ জানুয়ারি পর্যন্ত মোট ভোটার ছিল ১০ কোটি ১৪ লাখ ৪০ হাজার ৬০১ জন। এবার হালনাগাদে অন্তর্ভুক্ত হয়েছে ৩৩ লাখ ৩২ হাজার ৫৯৩ জন। এর মধ্যে পুরুষ ১৬ লাখ ৩২ হাজার ৯৭১ জন এবং নারী ১৬ লাখ ৯৯ হাজার ৬২২ জন। এরআগে ২০১৫ সালে আগাম তথ্য নেওয়া হয়েছিল, সেখান থেকে যোগ হয়েছে ৯ লাখ ৬২ হাজার ২৯৬ জন। আর বছরের বিভিন্ন সময় ভোটার হয়েছেন ২ লাখ ৭০ হাজার ১৫৮ জন।
এবার হালনাগাদে তালিকা থেকে মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে ১৭ লাখ ৪৮ হাজার ৯৩৪ জন। সব মিলিয়ে এখন বর্তমানে দেশে মোট ভোটার ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩ জন।
এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ২৪ লাখ হাজার ৬২ হাজার ৮৬৫ জন এবং নারী ভোটার ৫ কোটি ১৫ লাখ ৮৯ হাজার ১৮ জন।
ভারপ্রাপ্ত সচিব জানান, আগামী ৩১ জানুয়ারি চূড়ান্ত   ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকায় ভোটার কমবেশি হতে পারে।
হালনাগাদ ভোটার তালিকার ঘোষিত সময়সূচি অনুযায়ী, মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশ করা হলো। এরপর ভোটারদের দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদনের শেষ সময় ১৭ জানুয়ারি।
এসব আবেদন নিষ্পত্তির শেষ সময় ২২ জানুয়ারি; নিষ্পত্তি শেষে সিদ্ধান্ত ২৭ জানুয়ারির মধ্যে এবং চূড়ান্ত হালনাগাদ তালিকা প্রকাশ করা হবে ৩১ জানুয়ারি।
রেজিস্ট্রেশন অফিসার ও অন্য কর্মকর্তাদের স্বাক্ষরসহ হালনাগাদ ভোটার তালিকার খড়সার সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিস, উপজেলা নির্বাচন অফিস, ইউনিয়ন পরিষদ/পৌরসভা, ওয়ার্ড অফিস, ক্যান্টনমেন্ট বোর্ড অথবা রেজিস্ট্রেশন কেন্দ্র অথবা জনগুরুত্বপূর্ণ স্থানে সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে বলে জানিয়েছে ইসি।