দেড় মাস পর প্রিয় লিওকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা জুলিয়া

তাহিরপুর প্রতিনিধি
বিশ্ব ঐতিহ্য টাঙ্গুয়া হাওর পাড়ে দেড় মাস পূর্বে জার্মান নারীর হারিয়ে যাওয়া সেই প্রিয় লিও (পোষা বিড়াল) এখন জার্মান নারীর কোলে। সোমবার রাত সাড়ে ৯ টায় তাহিরপুর উপজেলা সদরের রায়পাড়া গ্রামে বিড়ালটিকে দেখতে পায় গ্রামের কয়েকজন যুবক। পরে তারাসহ গ্রামের লোকজন পোষা বিড়ালটিকে আটক করে একটি খাঁচায় বন্দী করে রাখে। বিষয়টি যুবকরা ভিডিও কলের মাধ্যমে র্জামান নারী জুলিয়া ওয়াসিমানকে দেখালে তিনি রাজধানী ঢাকা থেকে তাহিরপুরে এসে তার লিও কে শনাক্ত করেন এবং কোলে তুলে নেন। এসময় জার্মান নারী প্রিয় লিও কে কাছে পেয়ে আবেগ আপ্লত হয়ে পড়েন। লিও তার মনিবকে পেয়ে বুকে আশ্রয় নেয়।
তাহিরপুর সদরের অনুপম রায় জানান, গত দেড় মাস আগে র্জামান নারী জুলিয়া ওয়াসিমান টাঙ্গুয়া হাওরে ভ্রমণে এসে তার প্রিয় লিওকে হারিয়ে ফেলেন। সোমবার রাতে পোষা বিড়ালকে স্থানীয় কয়েকজন যুবক রায়পাড়া থেকে আটক করে খাঁচায় বন্দি করে রাখে। পরে ভিডিও কলের মাধ্যমে বিড়ালটি জার্মান নারীকে দেখালে তিনি মঙ্গলবার সকালে ঢাকা থেকে এসে আটক বিড়ালটিকে প্রিয় লিও বলে শনাক্ত করে বুকে টেনে নেন।
প্রসঙ্গত, গত দেড় মাস আগে দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়া হাওরে ঘুরতে আসেন জার্মান নারী জুলিয়া ওয়াসিমান। সঙ্গে নিয়ে আসেন তার প্রিয় পোষা বিড়াল লিও। সারাদিন আনন্দ ভ্রমণ শেষে হাওর ঘুরে তাহিরপুর উপজেলা সদরে ফেরার সময় মেশিনবাড়ি নামক ট্রলার ঘাট থেকে প্রিয় বিড়ালটি হারিয়ে যায় তার। সেই থেকে গত দেড় মাস ধরে তিনি প্রিয় লিও’কে ফিরে পাবার আশায় তাহিরপুর উপজেলার টাঙ্গুয়া হাওর পাড়ে অবস্থান করেন। তিনি বাংলায় কথা বলতে পারেন। পোষা বিড়ালের সন্ধান চেয়ে তিনি অটোরিকশায় করে তাহিরপুর বাজার সহ টাঙ্গুয়া হাওর পাড়ে মাইকিং করেন। এসময় পোষা বিড়াল ‘লিও’ ও জার্মান নারী জুলিয়া ওয়াসিমানের কথোপকথনের রেকর্ড প্রচার করা হয়, যেন তা শুনে লিও মাইকের কাছে চলে আসতে পারে। পোষা বিড়ালের প্রতি জার্মান নারীর এমন ভালবাসা দেখে অবাক হয়েছেন টাঙ্গুয়া হাওরবাসী।
জার্মান নারী জুলিয়া ওয়াসিমান বলেন, দেড় মাস অপেক্ষা করে হতাশ হয়ে নিজ দেশে চলে যাওয়ার আগে প্রিয় লিওকে ফিরে পেয়েছেন তিনি। তিনি সাংবাদিক সহ স্থানীয় সবাইকে ধন্যবাদ জানান।