দোকান খোলা রেখে অনেকেই পালালেন, দণ্ডিত ৮ ব্যবসায়ী

জগন্নাথপুর অফিস
মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে এক সপ্তাহের ‘কঠোর’ লকডাউন। এই পরিস্থিতিতে দোকানপাট খোলা রেখে জনসমাগম তৈরী করে চলছিল ব্যবসায়ি কার্যক্রম। এ অবস্থায় সুনামগঞ্জের জগন্নাথপুরের কয়েকটি বাজারে আজ শনিবার চলছিল বেচাকেনা। এ সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় সেখানে। তখন অনেক ব্যবসায়ী দোকান খোলা রেখেই পালিয়ে যান। আটটি দোকানে জরিমানার পাশাপাশি বাজারের সকল ব্যবসায়ীকে চুড়ান্তভাবে সতর্ক করা হয়েছে।
জানা যায়, শনিবার দুপুরে উপজেলার ভবেরবাজার, মিরপুর, নয়াবন্দর বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চলে। অভিযানাকালে ম্যাজিস্ট্রেট, সেবাবাহিনী ও পুলিশের উপস্থিতি দেখে দোকানপাট বন্ধ করতে শুরু হয় প্রতিযোগিতা। অনেকে দোকান খোলা রেখেই ব্যবসায়ি পালিয়ে যান। নির্বাহী ম্যাজিস্ট্রে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জগন্নাথপুর পদ্মাসন সিংহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাশের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চালান। জরিমানা করা হয় আট ব্যবসা প্রতিষ্ঠানকে। এসব প্রতিষ্ঠান থেকে মোট দুই হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে প্রশাসনের পক্ষ থেকে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, জরুরি প্রয়োজন ছাড়া বাড়িতে থাকার ব্যাপারে প্রচারণা চালানো হয়। অভিযানকালে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার সেলিম মিয়া উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ বলেন, বাজারের দোকানপাট খোলা রেখে কেনাবেচা চলছিল। আমাদের উপস্থিতি টের পেয়েই দোকানগুলো বন্ধ করে অনেকে পালিয়েছেন। ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি না মানায় আমরা ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেছি।